
ধর্মতলা থেকে ধর্না তুলে নিতে জুনিয়র ডাক্তারদের মেল করেছে কলকাতা পুলিশ। লালবাজারের তরফে পাঠানো ওই মেলে পুজোর মুখে ব্যস্ত ধর্মতলায় অবস্থানের বিষয়টি বিবেচনা করে দেখতে বলা হয়েছে। পুলিশের তরফে বলা হয়েছে পুজোর আগে ওই সময়ে ধর্মতলা এলাকায় ভিড় বেশি থাকে।
তাই সেখানে অবস্থানের বিষয়টি বিবেচনা করা উচিত। অবস্থানের ফলে ধর্মতলায় যান চলাচল নিয়ন্ত্রণেও সমস্যা হতে পারে। শুক্রবার রাত থেকে ধর্মতলার মেট্রো চ্যানেলের সামনে ধর্নায় বসেছেন জুনিয়র ডাক্তাররা। রাজ্য সরকারকে ২৪ ঘণ্টার ডেডলাইন বেধে লাগাতার কর্মবিরতি প্রত্যাহার করে শুক্রবার মাঝরাতেই কাজে ফিরেছেন জুনিয়র ডাক্তাররা। আর জি কর, ন্যাশনাল মেডিক্যাল কলেজ, কলকাতা মেডিক্যাল কলেজ, সাগর দত্ত মেডিক্যাল কলেজে রাতেই যোগ দিয়েছেন কাজে। পাশাপাশি ধর্মতলার ধনমিঞ্চে ঘড়ি টাঙিয়ে রাজ্য সরকারকে বার্তা দিয়েছেন জুনিয়র ডাক্তাররা। কর্মবিরতি প্রত্যাহার করেও লাগাতার অবস্থান চালাচ্ছেন তাঁরা। স্বাস্থ্যসচিবের অপসারণ, নিরাপত্তা সুনিশ্চিত করা সব দাবি রাত সাড়ে ৮টার মধ্যে রাজ্য সরকারকে মানতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা। রাজ্য সরকার নির্দিষ্ট সময়ের মধ্যে দাবি না মানলে লাগাতার অনশনের হুঁশিয়ারি দিয়েছেন জুনিয়র ডাক্তাররা। ভয় পেয়ে নয় জনগণের কথা ভেবেই কর্মবিরতি প্রত্যাহারের সিদ্ধান্ত বলে জানিয়েছেন জুনিয়র ডাক্তাররা।








