
লেবাননের রাজধানী বেরুটে ইজ়রায়েলের বোমাবর্ষণ অব্যাহত। লেবাননের স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, এখনও পর্যন্ত ইজ়রায়েলি হামলায় দু’হাজারেরও বেশি মানুষ মারা গিয়েছেন দেশে। এরমধ্যে রয়েছে ১২৭ শিশু।২৬১ জন মহিলা।
নিশ্চিত মৃত্যুর হাত থেকে বাঁচতে হাজার হাজার মানুষ সীমান্ত পেরিয়ে সিরিয়ায় পালাচ্ছিলেন। কিন্তু এখন সেই পথও খোলা রাখছে না ইজ়রায়েল। নিজের দেশেই কার্যত কোণঠাসা লেবাননের মানুষ।বেরুট-সহ দক্ষিণ লেবাননের একাধিক অঞ্চল পুড়ে খাক হয়ে গিয়েছে।বেশ কিছু আশ্রয় শিবির খুলেছে প্রশাসন। অনেকে আবার সমুদ্রের ধারে তাঁবু খাটিয়ে থাকছেন। খোলা আকাশই ঠিকানা। এছাড়াও মাসনা বর্ডার ক্রসিং দিয়ে লেবানন থেকে সিরিয়ায় পালাচ্ছিলেন দলকে দল মানুষ। পাহাড়ে ঘেরা সেই সীমান্ত এলাকাটির একমাত্র সড়ক পথটিও বোমা ফেলে গুঁড়িয়ে দিয়েছে ইজ়রায়েল। হিজ়বুল্লা সদস্য তথা লেবাননের পরিবহণ মন্ত্রী আলি হামিয়ে জানিয়েছেন, সীমান্ত সড়কটি আর চলার যোগ্য নেই। এক-এক জায়গায় প্রকাণ্ড ভগ্নস্তূপ। কোথাও আবার ১২ ফুট গভীর গহ্বর তৈরি হয়েছে।ওই সুবিশাল পাথরের স্তূপ পেরিয়ে যাওয়া অসম্ভব। ফলে মাঝপথে আটকে রয়েছেন হাজারও মানুষ। পাহাড়ের ঢাল বেয়ে দুর্গম পথ পেরোনোর চেষ্টা করেছেন অনেকে। যাঁরা সড়কপথে নিজেদের গাড়ি নিয়ে যাচ্ছিলেন, তাঁদের গাড়ি ফেলে রেখে পায়ে হেঁটে এগোতে হচ্ছে।
