হারানোয় ক্লিন ফিনিশ বিনেশ ফোগাটের 

0
137
হরিয়ানায় হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ক্লিন ফিনিশ কুস্তিগির বিনেশ ফোগাটের। ৬ হাজার ভোটে বিজেপি প্রার্থীকে হারিয়ে জুলানায় শেষ হাসি হেসেছেন কংগ্রেস প্রার্থী বিনেশ ফোগাট।
হরিয়ানার জিন্দ জেলার জুলানা বিধানসভা কেন্দ্র থেকে এবার লড়াই করেছেন কুস্তিগির বিনেশ ফোগাট। প্রতিপক্ষ ছিলেন সেনার অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন বিজেপির যোগেশ কুমার বৈরাগী। গণনা শুরুর একেবারে প্রাথমিক পর্যায়ে যোগেশ কুমার এগিয়ে থাকলেও, কিছুক্ষণের মধ্যেই তাঁকে ছাপিয়ে এগিয়ে যান বিনেশ ফোগাট। গণনা শুরুর প্রথম এক ঘণ্টা শেষেও এগিয়ে ছিলেন বিনেশ ফোগাটই। কিন্তু তৃতীয় রাউন্ডে আচমকা বিনেশ ফোগাটকে পিছনে ফেলে এগিয়ে যান যোগেশ কুমার। দু’জনের মধ্যে হাজার তিনেক ভোটের ব্যবধান ছিল। পঞ্চম রাউন্ডের শেষ থেকেই ব্যবধান কিছুটা কমাতে সমর্থ হন বিনেশ ফোগাট। সপ্তম রাউন্ডে ৩৮ ভোটে এগিয়ে যান। একাদশ রাউন্ডের শেষে সেই ব্যবধান বেড়ে প্রায় ছয় হাজারে গিয়ে দাঁড়ায়। চতুর্দশ রাউন্ডের শেষেও পাঁচ হাজারের ব্যবধান ধরে রাখেন বিনেশ ফোগাট। তখন থেকেই জল্পনার শুরু, তা হলে জুলানায় কি এবার কংগ্রেসের মান রাখতে পারবেন কুস্তিগির। কারণ কংগ্রেসের ইতিহাস বলছে, ভোটের অঙ্কে এমন আচমকা পালাবদল হওয়া দুঃসাধ্য নয়। শেষমেশ সেই জল্পনাই সত্যি করে দিয়েছেন বিনেশ ফোগাট।