
নদিয়ার রানাঘাটের কামালপুরের অভিযান সংঘ-এর অসমাপ্ত মূর্তির মুখে দেখা গিয়েছে কালো কাপড় বাঁধা। কামালপুরের ধানতলা এলাকায় যেখানে ১১২ ফুটের দুর্গা তৈরির কথা ছিল, মঙ্গলবার, পঞ্চমীর সন্ধ্যায় দেখা গিয়েছে আকাশছোঁয়া বাঁশের কাঠামো দাঁড়িয়ে রয়েছে।
পাশেই আছে অসমাপ্ত দুর্গা মূর্তি। সাদা-সোনালি রং করা সেই মূর্তির মাথায় একটি মুকুট। আর মূর্তির মুখের দিকটা সরু কালো কাপড় দিয়ে ঢাকা। অসমাপ্ত মণ্ডপের যত্রতত্র বাঁধা হয়েছে কালো কাপড়। উৎসবের চার দিন অসমাপ্ত মণ্ডপের চার দিকে কালো কাপড় দিয়ে ঘিরে খাওয়া-দাওয়ার আয়োজন করেছেন ক্লাব কর্তৃপক্ষ থেকে গ্রামবাসীরা। তাঁরা জানাচ্ছেন, এটা তাঁদের প্রতীকী উৎসব এবং প্রতিবাদও। ক্লাবের তরফে জানানো হয়েছে, প্রতিমার প্রায় ৭০ শতাংশ কাজ-ই শেষ হয়ে গিয়েছিল। প্রায় ৬০ লক্ষ টাকা ব্যয় করে ফেলেছিল তারা। বিশ্বরেকর্ড হবে, সেই আশায় গ্রামের চাষিরা তাঁদের প্রায় ৪০ বিঘা জমি চাষ না করে ক্লাব কর্তৃপক্ষকে ব্যবহার করার অনুমতি দিয়েছিলেন। কিন্তু প্রশাসনের অনুমতি না পেয়ে সব বিশ বাঁও জলে।
