সলমনের নিরাপত্তায় আপোস নয় : পরিবার 

0
171
সলমন খানের নিরাপত্তার সঙ্গে কোনও রকম আপোস করা হবে না। বাবা সিদ্দিকির খুনের পরেই জানিয়ে দিয়েছে অভিনেতার পরিবার।
ইতিমধ্যেই সলমন খানের বাড়ির বাইরে নিরাপত্তা বাড়ানো হয়েছে। এই আবহে খান পরিবারের পক্ষ থেকে ইন্ডাস্ট্রির বন্ধু ও চেনা-পরিচিতদের অনুরোধ করা হয়েছে যে তাঁরা যেন সলমন খানের সঙ্গে কিছুদিন দেখা করতে না আসেন। অন্যদিকে, সলমন খানও কিছুদিনের জন্য ব্যক্তিগত সব দেখা-সাক্ষাৎ স্থগিত করেছেন। দশেরার রাতে প্রাক্তন মন্ত্রী তথা এনসিপি নেতা বাবা সিদ্দিকি নিহত হন আততায়ীর গুলিতে। এই খবর শোনার পরই বিগ বস ১৮-র শুটিং বন্ধ করে লীলাবতী হাসপাতালের পৌঁছে যান সলমন খান। কিন্তু এ সময় তাঁর পক্ষে হাসপাতালে যাওয়া কতটা নিরাপদ, সে নিয়ে প্রশ্ন তোলা হয়। কারণ, রবিবার সকালে বাবা সিদ্দিকি খুনে গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের যোগ রয়েছে বলে জানিয়েছে মুম্বই পুলিশ। সব মিলিয়ে তাই ভাইজানের পরিবারও অস্বস্তিতে রয়েছে। সলমন খানের খুব কাছের বন্ধু ছিলেন বাবা সিদ্দিকি। আর তাঁর মৃত্যুর খবরে ভেঙে পড়েছেন অভিনেতা। সূত্রের খবর, কিছুদিন আগেই বাবা সিদ্দিকি ও তাঁর ছেলে জিশান সিদ্দিকি অভিনেতার সঙ্গে দেখা করতে তাঁর বাড়িতে গিয়েছিলেন।
বাবা সিদ্দিকির মৃত্যুর পর সলমন খান এনসিপি নেতার বাড়িতেও পৌঁছন। পাশাপাশি তিনি অনবরত জিশান সিদ্দিকি ও তাঁর পরিবারের খবর নিয়েছেন।
ছবি  সৌজন্যে : নিজস্ব