শিশু রেফার, ধুন্ধুমার মালদার স্বাস্থ্যকেন্দ্র, চিকিৎসক হেনস্থা

0
324
চার বছরের অসুস্থ শিশুকে অন্য হাসপাতালে রেফার করা নিয়ে উত্তেজনা ছড়িয়েছে পুরাতন মালদহের স্বাস্থ্যকেন্দ্রে। কর্তব্যরত চিকিৎসকের গায়ে হাত তোলা এবং গালিগালাজ করার অভিযোগ উঠেছে রোগী পরিবারের বিরুদ্ধে। পাল্টা চিকিৎসক তথা স্বাস্থ্যকেন্দ্র কর্তৃপক্ষের বিরুদ্ধে দুর্ব্যবহারের অভিযোগ উঠেছে।
স্থানীয় সূত্রে খবর, মঙ্গলবার পুরাতন মালদহের মৌলপুর স্বাস্থ্যকেন্দ্রে জ্বর নিয়ে একটি চার বছরের শিশুকে নিয়ে এসেছিলেন অভিভাবেকারা। অভিযোগ, এক জন চিকিৎসক শিশুটিকে ভর্তি করিয়ে নেন। কিন্তু আর এক জন চিকিৎসক শিশুটিকে মালদহ মেডিক্যাল কলেজে রেফার করে দেন। এ নিয়ে দুই তরফের কথা কাটাকাটি হয়। এরপরই চিকিৎসকের অভিযোগ, তাঁর গায়ে হাত তুলেছে রোগী পরিবারের সদস্যেরা। পাল্টা রোগী পরিবারের অভিযোগ, তাদের কার্যত ধাক্কা দিয়ে হাসপাতাল থেকে বার করে দেওয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থলে মালদা থানার পুলিশ পৌঁছে পরিস্থিতি স্বাভাবিক করে। এই বিষয়ে মৌলপুর হাসপাতালের ব্লক স্বাস্থ্য আধিকারিক জয়দীপ মজুমদার কোন মন্তব্য করতে চাননি। আক্রান্ত চিকিৎসক পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।