
বাথরুমের ভিতর থেকে তৃণমূল নেতার রক্তাক্ত দেহ উদ্ধারের ঘটনায় স্ত্রীকে আটক করেছে পুলিশ। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে হুগলির আরামবাগ মেডিক্যাল কলেজ হাসপাতাল চত্বরে।
পুলিশ সূত্রে খবর, মৃত তৃণমূল কর্মী ফায়েজউদ্দিন খান। বুধবার সকালে আরামবাগের বাসুদেবপুর এলাকায় ওই তৃণমূল নেতার ভাড়া বাড়ির বাথরুম থেকেই তাঁর মৃতদেহ উদ্ধার করে। মৃতের পরিবার সূত্রে দাবি, আরামবাগেরই তিরোল দাদনপুর গ্রামের বাসিন্দা ফায়েজের সঙ্গে বছর খানেক আগে বিয়ে হয়েছিল রেশমা খাতুনের। রেশমা ছিলেন ওই তৃণমূল নেতার দ্বিতীয় স্ত্রী। অভিযোগ, বিয়ের পর থেকেই দ্বিতীয় স্ত্রী রেশমা ফায়েজউদ্দিনকে দেশের বাড়ি ছেড়ে আরামবাগ শহরে বসবাসের জন্য চাপ দিচ্ছিল। সেইমতো গত চার দিন আগে আরামবাগ শহরের বাসুদেবপুর এলাকায় একটি বাড়ি ভাড়া নিয়ে থাকতে শুরু করেন তাঁরা। সেই ভাড়া বাড়ির বাথরুম থেকেই ফায়েজের রক্তাক্ত দেহ উদ্ধার হয়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
