
বাবা সিদ্দিকির খুনের মামলায় ধৃতের ফোন থেকে মিলেছে তাঁর ছেলে জ়িশান সিদ্দিকির ছবি। মুম্বই পুলিশের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে। মহারাষ্ট্রের এনসিপি নেতা সিদ্দিকির খুনে ৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
তদন্তের অগ্রগতির সঙ্গে সঙ্গে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে পুলিশের হাতে। মুম্বই পুলিশ জানিয়েছে, ধৃতদের একজনের ফোন থেকে জ়িশানের ছবি পাওয়া গিয়েছে। ভাড়াটে খুনিদের যিনি পরিচালনা করছিলেন, তিনিই ওই ছবিটি ধৃতকে পাঠিয়েছিল। পুলিশি তদন্তে উঠে এসেছে, সিদ্দিকি খুনের মামলায় অভিযুক্তেরা স্ন্যাপচ্যাট-এ একে অপরের সঙ্গে কথা বলতেন। ওই অনলাইন যোগাযোগ মাধ্যমেই জ়িশানের ছবি পাঠানো হয়েছিল ভাড়াটে খুনির কাছে।
কিন্তু কী উদ্দেশ্যে ওই ছবি পাঠানো হয়েছিল, সেই বিষয়ে পুলিশের তরফে এখনও কিছু জানানো হয়নি। জ়িশান বর্তমানে বান্দ্রা পূর্বের বিধায়ক। গত শনিবার বান্দ্রায় বিধায়কের দফতরের সামনেই গুলি করে খুন করা হয়েছিল তাঁর বাবাকে।
ছবি সৌজন্যে : প্রতিনিধিত্ত্বমূলক









