
অ্যাজমা-সহ ৮ টি প্রয়োজনীয় ওষুধের মূল্যবৃদ্ধির সিদ্ধান্তের বিরোধিতা করে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়ে চিঠি দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সম্প্রতি অ্যাজমা, থ্যালাসেমিয়া, যক্ষ্মা-সহ ৮ টি গুরুত্বপূর্ণ ওষুধের দাম একধাক্কায় ৫০ শতাংশ বৃদ্ধির ঘোষণা করেছে ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল প্রাইসিং অথরিটি।
যা নিয়ে প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে এনপিপিএ-র সিদ্ধান্তের বিরোধিতা করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চিঠিতে মুখ্যমন্ত্রী লিখেছেন, কয়েক মাস আগেই বেশ কিছু ডায়াবেটিস, রক্তচাপ, অ্যান্টিবায়োটিকের ওষুধের দাম বেড়েছে। হঠাৎ করে ফের ৮টি ওষুধের মূল্যবৃদ্ধিতে সাধারণ মানুষের উপর বোঝা আরও বাড়বে। অবিলম্বে ওষুধের মূল্যবৃদ্ধিতে প্রধানমন্ত্রী হস্তক্ষেপ করুন। পাশাপাশি মুখ্যমন্ত্রী উল্লেখ করেছেন, নিত্যপ্রয়োজনীয় একাধিক জিনিসের দাম বৃদ্ধি নিয়ে সাধারণ মানুষ এমনিতেই চিন্তিত। তার ওপর দৈনন্দিন ওষুধের দাম বাড়ানো হচ্ছে। এই সিদ্ধান্ত আমজনতার কাছে বিরাট ধাক্কা। এই পরিপ্রেক্ষিতেই মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আবেদন জানিয়েছেন নির্দিষ্ট দফতরে নির্দেশ দিতে এবং এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে দেখতে।
মমতা বন্দ্যোপাধ্যায় মনে করিয়ে দিয়েছেন, সাধারণ মানুষকেই সবথেকে বেশি গুরুত্ব দেওয়া উচিত সব সময়। তিনি আশা করছেন, কেন্দ্রীয় সরকার দ্রুত এই বিষয়ে সিদ্ধান্ত নেবে।
ছবি সৌজন্যে :ফেসবুক





