
ছত্তীসগঢ়ে জলের নমুনায় অস্বাভাবিক মাত্রায় ইউরেনিয়ামের উপস্থিতিতে উদ্বেগ বাড়িয়েছে।ওই অঞ্চলগুলিতে জলে ইউরেনিয়ামের মাত্রা বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুমোদিত ঊর্ধ্বসীমার চেয়ে তিন-চার গুণ বেশি।
কোথাও বা ছয়-সাত গুণ পর্যন্ত বেশি। এমনকি সরকার অনুমোদিত ঊর্ধ্বসীমার চেয়েও বেশি। ছত্তীসগঢ়ের অন্তত ছয় জেলা থেকে সংগৃহীত জলের নমুনায় মাত্রাতিরিক্ত হারে ইউরেনিয়ামের উপস্থিতি পাওয়া গিয়েছে। তালিকায় রয়েছে দুর্গ, রাজনন্দগাওঁ, কাঙ্কের, বেমেতারা, বালোদ এবং কাওয়ারধা জেলা। ছত্তীসগঢ়ের ওই ছয় জেলায় জলের নমুনায় পাওয়া ইউরেনিয়ামের মাত্রা ৬০ মাইক্রোগ্রামের সীমাকেও ছাপিয়ে গিয়েছে। ইউরেনিয়ামের গড় মাত্রা লিটার পিছু ৮৬-১০৫ মাইক্রোগ্রাম পর্যন্ত। বালোদের একটি গ্রামে এক লিটার জলে ১৩০ মাইক্রোগ্রাম ইউরেনিয়াম পাওয়া গিয়েছে। কাঙ্কেরের একটি গ্রাম থেকে প্রাপ্ত নমুনায় ইউরেনিয়ামের মাত্রা লিটার পিছু ১০৬ মাইক্রোগ্রাম।ছত্তীসগঢ়ের দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের সভাপতি অশোককুমার ঘোষ জানিয়েছেন, ভূগর্ভস্থ জলে ইউরেনিয়ামের মাত্রা অবশ্যই উদ্বেগের।
এর জন্য বিভিন্ন ধরনের শারীরিক ব্যাধি দেখা দিতে পারে। এমনকি ক্যানসারের আশঙ্কাও উড়িয়ে দেননি তিনি।
ছবি সৌজন্যে : এক্স








