রেশনকাণ্ড : কলকাতা সহ ১৪ জায়গায় ইডি হানা 

0
247

রেশন বন্টন দুর্নীতি মামলায় কলকাতা, হাওড়া, গাইঘাটা, উলুবেড়িয়া-সহ মোট ১৪ জায়গায় একযোগে তল্লাশি অভিযানে নেমেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।বুধবার সকালে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার একাধিক দল ইডি দফতর থেকে বেরিয়ে পৌঁছে যায় কলকাতার বাঙুরের এক ব্যবসায়ীর বাড়িতে।

মহেন্দ্র আগরওয়াল নামে ওই ব্যবয়ায়ীর সঙ্গে রেশন বণ্টন দুর্নীতিতে কী যোগ রয়েছে তা এখনও স্পষ্ট নয়। বাঙুর এলাকাতেই ওই ব্যবসায়ীর দু’টি বাড়ি আছে। একযোগে দু’জায়গাতেই তল্লাশি চালানো হচ্ছে বলে খবর। খতিয়ে দেখা হচ্ছে বিভিন্ন নথি। সূত্রের খবর, ওই ব্যবসায়ীকে জিজ্ঞাসাবাদ করছেন ইডি আধিকারিকেরা। বাঙুর ছাড়াও হাওড়ার পাঁচলার এক রেশন ডিলারের বাড়িতেও হানা দিয়েছে ইডির অন্য একটি দল। প্রথমে লোকনাথ সাহা নামে ওই ডিলারের বাড়ি যান ইডি আধিকারিকেরা। তার পর তাঁকে নিয়ে তাঁর গোডাউনে হানা দেয়। এলাকার বেশ কয়েকটি রেশন দোকানে খাদ্যসামগ্রী সরবরাহ হয় তাঁর গোডাউন থেকেই। সেই সংক্রান্ত বিষয়েই তদন্ত করতে এই তল্লাশি অভিযান বলে মনে করা হচ্ছে।

রেশন মামলায় গত সেপ্টেম্বরেও রাজ্যের সাত জায়গায় তল্লাশি চালিয়েছিল ইডি।একাধিক চালকলে পৌঁছে গিয়েছিলেন ইডিআধিকারিকেরা। ২৮ সেপ্টেম্বর এই মামলায় অতিরিক্ত চার্জশিট জমা করেছিল ইডি।

ছবি  সৌজন্যে :সংগৃহীত