
অবৈধভাবে ভারতে বসবাসের অভিযোগে মহারাষ্ট্রের পুনে থেকে ২১ জন বাংলাদেশিকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের কাছ থেকে ভারতীয় আধার, প্যান কার্ড-সহ নানান ভুয়ো পরিচয়পত্র পাওয়া গিয়েছে।
পুলিশ সূত্রে খবর, অবৈধভাবে ভারতে ঢুকে দীর্ঘদিন ধরে মহারাষ্ট্রের রঞ্জনগাঁও এলাকায় বাস করছিলেন ওই ২১ জন। গোপন খবরের ভিত্তিতে অভিযান চালায় মহারাষ্ট্রের অ্যান্টি টেরোরিজম স্কোয়াড। এরপরেই গ্রেফতার করা হয় ২১ জনকে। পুলিশের তরফে জানানো হয়েছে, কী কারণে তারা ভারতে এসে বসবাস করছিল তার তদন্ত শুরু হয়েছে। পুলিশ প্রাথমিক ধারণা, সাধারণত কোনও এজেন্টকে ধরে টাকার বিনিময়ে বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে ঢুকেছিল অভিযুক্তরা। এরপর ওই এলাকায় থেকে দৈনিক শ্রমিক হিসেবে কাজ করত তারা। তাদের সূত্র ধরেই অবৈধ অনুপ্রবেশের বড়সড় চক্র সামনে আসতে পারে বলে আশাবাদী পুলিশ।
অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা অনুযায়ী একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে। ধৃত ২১ জনকে আদালতে তোলা হলে তাদের ১০ দিনের জন্য পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।
ছবি সৌজন্যে : এক্স








