
মা সনিয়া গান্ধী, দাদা তথা বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে সঙ্গে নিয়ে কেরলের ওয়েনাড়ে মনোনয়ন জমা দিয়েছেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী বঢরা। উপস্থিত কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গেও।
মনোয়ন জমা দিয়ে একটি রোড শোও করেছেন প্রিয়াঙ্কা গান্ধী। সঙ্গে ছিলেন ওয়েনাড়ের প্রাক্তন সাংসদ রাহুল গান্ধীও। নির্বাচনী রাজনীতিতে অভিষেকপর্বে প্রিয়াঙ্কা গান্ধী বলেছেন , ১৯৮৯ সালে ১৭ বছর বয়সে প্রথম বাবার জন্য প্রচারে গিয়েছিলেন তিনি। গত ৩৫ বছরে কখনও মা, কখনও দাদা, কখনও সহকর্মীদের হয়ে প্রচার করেছেন। এই প্রথম নিজের জন্য প্রচার করছেন। গোটা দুনিয়া যখন তাঁর দাদার থেকে মুখ ফিরিছিল, তখন ওয়েনাড়বাসী পাশে দাঁড়িয়েছিলেন। তাঁর গোটা পরিবার ঋণী থাকবে চিরকাল। যদি সুযোগ দেন, ওয়েনাড়বাসীর হয়ে প্রতিনিধিত্ব করতে পারা তাঁর কাছে অত্যন্ত সম্মানের। মঙ্গলবারই মা সনিয়া গান্ধীকে সঙ্গে নিয়ে ওয়েনাড়ে পৌঁছেছিলেন প্রিয়াঙ্কা গান্ধী। মনোনয়ন জমা দেওয়ার আগে স্থানীয় কংগ্রেস নেতৃত্বের সঙ্গে বৈঠক করেছেন তাঁরা। এবারের লোকসভা ভোটে ওয়েনাড় এবং উত্তরপ্রদেশের রায়বরেলী থেকে লড়েছিলেন রাহুল গান্ধী। দু’টি কেন্দ্রেই দাদার প্রচারে অংশ নেন প্রিয়াঙ্কা গান্ধী। লোকসভা ভোটে দু’টি আসন থেকেই সাড়ে তিন লাখেরও বেশি ভোটের ব্যবধানে জয়ী হয়েছিলেন রাহুল গান্ধী।
এরপর ১৭ জুন রায়বরেলী ধরে রেখে ওয়েনাড়ের সাংসদ পদ থেকে ইস্তফার ঘোষণা করেছিলেন তিনি। সেই সঙ্গে জানিয়েছিলেন, প্রিয়ঙ্কা গান্ধীই ওই আসনে উপনির্বাচনে লড়বেন।
ছবি সৌজন্যে : এক্স








