
কোন যুক্তিতে ন্যায়ের মূর্তি বদল করা হয়েছে। এমনই প্রশ্ন তুলেছে শীর্ষ আদালতের আইনজীবীদের সংগঠন দ্য সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন।
সম্প্রতি প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নির্দেশে সুপ্রিম কোর্টে বসেছে সংবিধান হাতে এই ন্যায়ের নতুন মূর্তি। এতদিন প্রচলিত ছিল, এক হাতে দাঁড়িপাল্লা, অন্য হাতে তরোয়াল এবং চোখে পট্টি নিয়ে ন্যায়ের মূর্তির। কিন্তু এবার নতুন ন্যায়ের মূর্তির চোখে কোনও পট্টি বাঁধা নেই। তাঁর এক হাতে রয়েছে দাঁড়িপাল্লা, অন্য হাতে রয়েছে ভারতের সংবিধান। কিন্তু সিনিয়র আইনজীবী এবং রাজ্যসভার সাংসদ কপিল সিব্বলের নেতৃত্বাধীন আইনজীবী সংগঠনের এক্সিকিউটিভ কমিটি বলেছে, ন্যায় বিচারের ক্ষেত্রে আদালতের পাশাপাশি বারেরও সমান গুরুত্ব রয়েছে। বদল আনার আগে বিষয়টি বারকে জানানোরও প্রয়োজন মনে হল না কেন। এই মর্মে সুপ্রিম কোর্টের বার অ্যাসোসিয়েশন একটি প্রস্তাব পাশ করেছে। তাতে বলা হয়েছে, তাঁরা বুঝতেই পারছেন না ন্যায়ের মূর্তির বদলের কারণই বা কী। কপিল সিব্বলেরা বলেছেন, বারের আপত্তি সত্ত্বেও সুপ্রিম কোর্টের পুরনো বিচারপতিদের গ্রন্থাগারে কিছু দিন হল একটি সংগ্রহশালা তৈরির কাজ শুরু হয়েছে।
অথচ বার প্রথম থেকেই বলে আসছে, সেখানে বারের সদস্যদের জন্য একটি ক্যাফেটেরিয়া, বৈঠকখানা এবং গ্রন্থাগার তৈরি করা হোক।
