
আবার উত্তরপ্রদেশের হাথরসে এক বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগ উঠেছে যুবকের বিরুদ্ধে। ধরতে গিয়ে পুলিশ তাঁর পায়ে গুলি করেছে বলে অভিযোগ।
অভিযুক্ত এখন হাসপাতালে ভর্তি রয়েছেন। পুলিশ জানিয়েছে, অতীতেও অপরাধে জড়িয়েছেন যুবক।জানা গিয়েছে, কোতোয়ালি সাসনিতে নিজের বাড়িতে ঘুমিয়ে ছিলেন ওই বৃদ্ধা।
সে সময় বাড়িতে ঢুকে তাঁকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। ওই বৃদ্ধার চিৎকার করতে শুরু করলে অভিযুক্ত সেখান থেকে পালিয়ে যায়। এরপরেই থানায় গিয়ে অভিযোগ করেন নির্যাতিতা এবং তাঁর পরিবার।তারপরে খোঁজ শুরু করলে ইগলাস রোডের কাছে অভিযুক্তকে দেখতে পায় পুলিশ। তাদের দেখে পালানোর চেষ্টা করেন যুবক। পুলিশকে লক্ষ্য করে তিনি গুলি ছোড়েন বলেও অভিযোগ। পুলিশ পাল্টা গুলি চালালে তাঁর পায়ে লাগে। এরপর তাঁকে হাসপাতালে ভর্তি করায় পুলিশ। অভিযুক্তের থেকে বন্দুক, কার্তুজ উদ্ধার করেছে পুলিশ।অন্যদিকে, মধ্যপ্রদেশের রীবায় স্বামীকে গাছে বেঁধে স্ত্রীকে গণধর্ষণের অভিযোগ উঠেছে। তার কয়েক ঘণ্টার ব্যবধানে ইনদওরে এক মহিলাকে ধর্ষণের অভিযোগ ওঠে মজুরের বিরুদ্ধে।








