
পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের স্ত্রী বুশরা বিবি জেল থেকে মুক্তি পেয়েছেন বলে তার দল জানিয়েছে। ৯ মাস আগে ইমরান খানের সঙ্গে তাকে জেলে পাঠানো হয়েছিল।
ফেব্রুয়ারির নির্বাচনের ঠিক আগে বিরোধী নেতা ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবিকে দুর্নীতি ও অবৈধ বিয়ের মামলায় দোষী সাব্যস্ত করা হয়। নির্বাচন থেকে দূরে সরানোর জন্য উদ্দেশ্যপ্রণোদিতভাবে এসব মামলা করা হয়েছিল বলে দাবি করেছেন ইমরান খান।ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের চেয়ারম্যান গওহর আলী খান জানিয়েছেন,ইমরান খানের ওপর চাপ সৃষ্টি করার জন্যই বুশরা বিবিকে জেলে রাখা হয়েছিল। তার মুক্তির জন্য পিটিআইয়ের সব সমর্থককে আন্তরিক অভিনন্দন জানাচ্ছেন। অন্যদিকে নির্বাচনের পর এ দম্পতির অবৈধ বিয়ের মামলাটি আপিলে বাতিল হয়ে যায় এবং দুর্নীতির মামলায় বিবির শাস্তি স্থগিত করা হয়।
আরেকটি বিচারাধীন মামলায় তাকে বুধবার জামিন দেওয়া হয়।এরপর তিনি আদিয়ালা জেল থেকে মুক্ত হলেন, যেখানে ইমরান খান এখনো বন্দি আছেন ।








