
দিল্লির চাঁদনী চক মার্কেটে ফ্রান্সের রাষ্ট্রদূত থিয়েরি মাথৌয়ের মোবাইল চুরির ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে।জানা গিয়েছে, স্ত্রীকে সঙ্গে নিয়ে কিছু দিন আগে তিনি দীপাবলির বাজার করতে বেরিয়েছিলেন।
ঘুরে ঘুরে দেখছিলেন চাঁদনী চকের বাজার। সেই সময়েই ফ্রান্সের রাষ্ট্রদূতের মোবাইলটি হারিয়ে যায় বলে অভিযোগ। ইতিমধ্যে ঘটনায় চার জনকে গ্রেফতার করেছে দিল্লি পুলিশ। মোবাইল হারিয়ে পুলিশে অভিযোগ দায়ের করেছিলেন ফরাসি রাষ্ট্রদূত। দ্রুত এই বিষয়ে পদক্ষেপের জন্য পুলিশকে নির্দেশও দেওয়া হয় দূতাবাস থেকে। তারপরেই মোবাইল খুঁজতে তৎপর হয় দিল্লি পুলিশ। বাজার এলাকার সমস্ত সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখা হয়। চার জনকে সেখান থেকেই চিহ্নিত করেন তদন্তকারীরা। পুলিশ সূত্রের খবর, চার জনেরই বয়স ২০ থেকে ২৫ বছরের মধ্যে।
চুরি যাওয়া মোবাইলটিও তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে। ভারতে ফরাসি রাষ্ট্রদূতের হাতে তাঁর হারিয়ে যাওয়া মোবাইলটি ফিরিয়ে দেওয়ার পর দিল্লি পুলিশ একটি বিবৃতি দিয়ে সে কথা জানিয়েছে।
ছবি সৌজন্যে : এক্স






