
মুদা জমি কেলেঙ্কারি মামলায় এবার কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়াকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে লোকায়ুক্ত পুলিশ। বুধবার তাঁকে লোকায়ুক্ত পুলিশের দফতরে তলব করা হয়েছে।
সম্প্রতি এই মামলায় সিদ্দারামাইয়ার স্ত্রী পার্বতী বিএমকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। প্রায় চারঘণ্টা ধরে মুখ্যমন্ত্রীর স্ত্রীর সঙ্গে কথা বলেছে পুলিশ। এরপরই মুখ্যমন্ত্রীকেও তদন্তের জন্য পুলিশ ডাকবে কি না তা নিয়ে জল্পনা শুরু হয়েছিল। মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া ছাড়াও এই মুদা মামলায় তাঁর স্ত্রী, শ্যালক মল্লিকার্জুন স্বামী ও দেবরাজুর নাম এফআইআর-এ রয়েছে। মাইসুরুর লোকায়ুক্ত পুলিশ স্টেশনে ২৭ সেপ্টেম্বর ওই এফআইআর রেজিস্টার করা হয়। এদিকে, গত সপ্তাহে সিদ্দারামাইয়ার স্ত্রী পার্বতীকে জিজ্ঞাসাবাদের আগে কর্নাটকজুড়ে অভিযান চালায় ইডি। ইতিমধ্যেই সিদ্দারামাইয়া ঘনিষ্ঠ তিন অফিসারকে জেরা করেছে ইডি।
মহিশূর ডেভেলপমেন্ট অথরিটির প্লট বণ্টনে মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া অনিয়ম করেছেন বলে অভিযোগ। রাজ্যপাল এবং লোকায়ুক্তের কাছে অভিযোগ করা হয়েছিল মুখ্যমন্ত্রী নিয়ম ভেঙে স্ত্রীর নামে প্লট বরাদ্দ করেছেন।
ছবি সৌজন্যে : এক্স
