
ক্যানিংয়ে প্রধানমন্ত্রীর আবাস যোজনায় দুর্নীতির অভিযোগে হাইকোর্টের তোপের মুখে পড়েছে রাজ্য। বিচারপতি রবি কিষাণ কাপুর এটিকে ইচ্ছাকৃত জালিয়াতি বলে ভৎসনা করেছেন।
বিডিও এবং পঞ্চায়েত প্রধানের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর তলব করেছেন বিচারপতি। পাশাপাশি ফৌজদারি কার্যবিধি অনুযাযী পদক্ষেপের নির্দেশও দিয়েছেন। ক্যানিং ১ নম্বর ব্লকের ইটখোলা গ্রাম পঞ্চায়েতে প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকার জন্য ২০২১ সালে আবেদন করেছিলেন সিরাজুল মণ্ডল সহ এলাকার ৫ বাসিন্দা। তাঁদের দাবি দীর্ঘদিন টাকা না আসায় পঞ্চায়েতের দ্বারস্থ হলে বলা হয় টাকা আসেনি। পরে পঞ্চায়েতের তরফে বলা হয় তাঁরা টাকা পাওয়ার জন্য যোগ্য নন। এখানেই আইনজীবীরা প্রশ্ন তুলেছেন পুরো বিষয়টা তখনই কেন খতিয়ে দেখা হয়নি। কিভাবে বলে দেওয়া হয়েছে যে তারা টাকা পাওয়ার যোগ্য নন।
২০২৩-এ এর বিরুদ্ধে মামলা হয়। আদালতে রাজ্য জানায় ভুল করে ৫ জনের টাকাই ভুল অ্যাকাউন্টে গিয়েছে। এই রিপোর্ট দেখেই তোপের মুখে পড়ে রাজ্য।
ছবি সৌজন্যে :সংগৃহীত
