
উৎসবের মরশুমে কৃত্রিম জলাশয়-পুকুর-নদীর সামনে বসে ছটপুজোয় সামিল হয়েছেন পুণ্যার্থীরা। শুক্রবার সকাল থেকেই ব্যান্ড পার্টি সহকারে নাচতে নাচতে কলার কাঁদি নিয়ে মানুষজন দলে দলে ঘাটগুলিতে ভিড় করেছেন।
ভোর থেকেই সূর্য দেবতার উদ্দেশ্যে পুজো নিবেদন করেছেন তাঁরা। জলাশয়ের সামনে সূর্য প্রণাম সেরেছেন। দক্ষিণ কলকাতার রবীন্দ্র সরোবর এবং পূর্ব কলকাতার সুভাষ সরোবরে নিষিদ্ধ ছট পুজো। চারদিক দিয়ে বাঁশের ব্যারিকেড করে ঘিরে ফেলা হয়েছে শহরের দুই সরোবর-ই। নিরাপত্তার কারণে মোতায়েন রাখা হয়েছে পুলিশ। ছটপুজোর জন্য শহরের বিভিন্ন জায়গায় তৈরি করা হয়েছে কৃত্রিম জলাশয়। কলকাতার রানীকুঠি ঘাট থেকে শুরু করে একাধিক ঘাটে ভক্তদের ভিড় লক্ষ করা গিয়েছে। পাশাপাশি রাজ্যের বিভিন্ন জায়গায় পালন হয়েছে ছট।
হাবড়া সাহেব বাগান পদ্মার পারে শুক্রবার ছট পুজোকে কেন্দ্র করে উৎসবের মেজাজে মেতে উঠেছেন পূণ্যার্থীরা। সমস্ত রীতিনীতি মেনে যেমন পুজো পাঠ সম্পন্ন করার পাশাপাশি সূর্য উপাসনা করতেও দেখা গিয়েছে।






