
শীর্ষ লিগে ফেরার অভিযান সফল হয়েছে সান্তোসের। এবার বড় আরেকটি আশা পূরণের অপেক্ষায় ব্রাজিলের ক্লাবটি। ঐহিত্যবাহী ক্লাবটি ফিরে পেতে চায় তাদেরই গড়ে তোলা তারকা নেইমারকে।উল্লেখ্য ১১ বছর বয়সে সান্তোসের একাডেমিতে যোগ দিয়েছিলেন নেইমার।
১৭ বছর বয়সে এই ক্লাবের হয়েই পেশাদার ফুটবলে তার পথচলা শুরু।ব্রাজিলের বয়সভিত্তিক দলগুলি রাঙিয়ে এই ক্লাবে খেলার সময়ই জাতীয় দলে তার অভিষেক ২০১০ সালে।২০০৯ থেকে ২০১৩ পর্যন্ত সান্তোসে থেকে তিনি পাড়ি জমান বার্সেলোনায়।হয়ে ওঠেন বিশ্ব ফুটবলের তারকা। বার্সেলোনা ও পিএসজির হয়ে ১০ বছর ইউরোপিয়ান ফুটবলে কাটিয়ে গত বছর সৌদি আরবের ফুটবলে চলে যান তিনি।এদিকে আল হিলালের সঙ্গে নেইমারের চুক্তি আগামী জুন পর্যন্ত। সেই চুক্তি শেষে ভবিষ্যৎ নিয়ে ৩২ বছর বয়সী তারকা নেইমার ও তার সৌদি ক্লাবের মনোভাব বোঝার অপেক্ষায় আছে সান্তোস।তবে সান্তোসের চাওয়া স্পষ্ট করেই জানিয়ে দিয়েছেন ক্লাবের সভাপতি মার্সেলো তেইসেইরা।অন্যদিকে,২০১১ সালে নেইমারের অসাধারণ পারফরম্যান্সেই লাতিন আমেরিকার ক্লাব ফুটবলের সর্বোচ্চ আসর কোপা লিবার্তাদোরেসে সান্তোস ট্রফি জিতেছিল ৪৮ বছরের মধ্যে প্রথমবার।
১১ বছর আগে ক্লাব ছেড়ে গেলেও নেইমারের প্রতি সান্তোসের ভালোবাসার কমতি নেই। আগামী রোববার ব্রাজিলের সেরি বি-তে সান্তোসের ম্যাচে নেইমারকে গ্যালারিতে পাওয়ার আশা করছেন বলেও জানিয়েছেন ক্লাব সভাপতি।








