
নদিয়ার নাকাশিপাড়ায় নয় বছরের এক নাবালিকাকে যৌন হেনস্তা করার অভিযোগ উঠেছে পঞ্চাশ ঊর্ধ্ব এক ব্যক্তির বিরুদ্ধে। নাবালিকার শরীরে একাধিক জায়গায় কামড়ের দাগ রয়েছে বলে দাবি পরিবারের।
নির্যাতিতার লিখিত অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেফতার করে নাকাশিপাড়া থানার পুলিশ। জানা গিয়েছে, বাড়ি ফেরার সময় একটি রাধা গোবিন্দ মন্দিরের সামনে দিয়ে যখন সে ফিরছিল, অভিযোগ, ঠিক তখনই অভিযুক্ত তাকে প্রলোভন দেখিয়ে মন্দিরের পিছনে নিয়ে যায়। এরপর তাকে যৌন নির্যাতন করে বলে অভিযোগ। এদিকে, জন্মদিনের পার্টিতে মাদক মেশানো পানীয় খাইয়ে নাবালিকাকে বেহুঁশ করে যৌন নিগ্রহের অভিযোগে প্রতিবেশী যুবককে গ্রেফতার করেছে গাইঘাটা থানার পুলিশ। নির্যাতিতার পরিবারের দাবি, ১০ নভেম্বর রবিবার এক বন্ধুর জন্মদিনের পার্টিতে ডেকে নিয়ে যাওয়া হয় বছর তেরোর কিশোরীকে। অভিযোগ, সেখানেই নাবালিকাকে মাদক মেশানো পানীয় খাইয়ে যৌন নিগ্রহ করে প্রতিবেশী যুবক।শুধু যৌন নিগ্রহ নয়, মুখ বন্ধ রাখতে নাবালিকাকে রীতিমতো হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ। বুধবার গাইঘাটা থানায় অভিযোগ দায়ের করে নির্যাতিতার পরিবার। ধৃতের বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু করে অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
ছবি সৌজন্যে : নিজস্ব
