
এবার আর জি কর হাসপাতালে ভেঙে পড়েছে অপারেশন থিয়েটারের ফলস সিলিং। এর জেরে বন্ধ হয়ে গিয়েছে অপারেশনের কাজ। জুনিয়র ডাক্তারদের অভিযোগ কয়েক মাস ধরে ফলস সিলিংয়ের অবস্থা খারাপ ছিল।
ঘটনায় কেউ আহত না হলেও আবারও হাসপাতালের পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলেছেন জুনিয়র ডাক্তাররা। সার্জারি বিল্ডিংয়ে ফার্স্ট ফ্লোরে নিউ সার্জারি ওটি-র ভযঙ্কর পরিস্থতির কথা একাধিকবার জানানো হয়েছিল, তারপরেও কোনও কাজ হয়নি বলে অভিযোগ জুনিয়র ডাক্তারদের। বৃহস্পতিবার দুপুরে হঠাৎ করেই ওটি-র টেবিলে কাছেই ফলস সিলিংয়ের একাংশ ভেঙে পড়ে। ফলস সিলিংয়ের অংশ ছড়িয়ে ছিটিয়ে পড়ে মেঝেতে। এরইমধ্যে আর জি কর হাসপাতালের ভিতর থেকে একাধিক গাছ কেটে নিয়ে যাওয়ারও অভিযোগ উঠেছে। তারমধ্যে ৮০ থেকে ১০০ বছরের পুরনো একটি সোনাঝুরি গাছও ছিল। এই ঘটনাতেও ক্ষোভ উগরে দিয়েছেন জুনিয়র চিকিৎসকরা।
তাঁদের অভিযোগ সিআইএসএফ জওয়ানরা থাকলেও এই কাজে বাধা দেয়নি। কার নির্দেশে গাছ কাটা হয়েছে তা স্পষ্ট নয়। ফলে আর জি কর হাসপাতালে নজরদারি নিয়ে প্রশ্ন উঠেছে।






