
মণিপুরের জিরিবাম জেলার তিনজন মেতেই সম্প্রদায়ের মহিলা ও ২ শিশুর দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।
জানা গিয়েছে, ঝিরি নদীতে দেহগুলো ভাসতে দেখা গিয়েছে। দেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য অসমের শিলচরের মর্গে তাঁদের দেহ নিয়ে আসা হয়েছে। আসাম রাইফেলসের কর্মীরাই দেহগুলো উদ্ধার করেছে। সূত্রের খবর, তিনজন মহিলা ও তিনজন শিশুকে গত সোমবারই অপহরণ করা হয়েছিল। মেইতেইদের অভিযোগ, মহিলা ও শিশুদের অপহরণে অভিযুক্ত কুকি জঙ্গিরা। কয়েকদিনের চেষ্টায় অবশেষে ৩ মহিলার দেহ পাওয়া গেলেও শিশুদের খোঁজ মেলেনি। জিরবাম থেকে ৫০ কিমি দূরে অবস্থিত শিলচর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে আসা হয়েছে দেহগুলি। দেহগুলি এখনও শনাক্ত করা হয়নি। ময়নাতদন্তের পরেই মৃতদেহগুলি অপহৃতদের কিনা জানা যাবে বলে জানিয়েছে পুলিশ। তবে নিখোঁজ মহিলাদের বর্ণনার সঙ্গে মিল পাওয়া গিয়েছে ৩ মহিলার মৃতদেহের। জিরিবামে ক্রমেই উত্তপ্ত হচ্ছে পরিস্থিতি।
গত সপ্তাহেই কুকি জঙ্গিদের সঙ্গে সিআরপিএফের এনকাউন্টারে ১০ জন সন্দেহভাজন জঙ্গির মৃত্যু হয়েছে। সব মিলিয়ে মণিপুরে নতুন করে উত্তপ্ত হচ্ছে পরিস্থিতি।
ছবি সৌজন্যে : এক্স









