
নেটফ্লিক্সের জনপ্রিয় সিরিজ ওয়েনসডে’র দ্বিতীয় সিজন আসছে। বহুল প্রত্যাশিত সিরিজটি ঘিরে ইতিমধ্যেই দর্শক আগ্রহ তুঙ্গে। এবার সেই আগুনে ঘি ঢালল বিশ্বখ্যাত পপতারকা ও অভিনেত্রী লেডি গাগার যোগদান। সিরিজটির দ্বিতীয় সিজনে যুক্ত হলেন লেডি গাগা।
ঠিক দুই বছর আগে নেটফ্লিক্সে মুক্তি পায় আলফ্রেড গফ ও মাইলস মিলারের সিরিজ,ওয়েনসডে। ভৌতিক গল্পের সিরিজটি বিপুল দর্শকপ্রিয়তা পেয়েছিল। বিশেষ করে এর প্রধান চরিত্র ওয়েনসডে অ্যাডামের ভূমিকায় জেনা ওর্তেগার অভিনয় পেয়েছিল দারুণ সাড়া। এবার আসছে সিরিজটির দ্বিতীয় সিজন। এক রিপোর্টে বলা হয়েছে, বর্তমানে আয়ারল্যান্ডে চলছে ওয়েনসডে সিজন টু-এর শুটিং। সিরিজে গুরুত্বপূর্ণ অতিথি চরিত্রে দেখা যাবে গাগাকে। তবে চরিত্রটা কেমন হবে, সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি। উল্লেখ্য ওয়েনসডে’র একটি দৃশ্যে লেডি গাগার জনপ্রিয় গান ব্লাডি ম্যারি ব্যবহার করা হয়েছিল।জেনা ওর্তেগার নাচের সঙ্গে ওই দৃশ্য ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়।ধারণা করা হচ্ছে, সে সুবাদেই সিরিজটির নতুন সিজনে লেডি গাগাকে যুক্ত করা হয়েছে। এদিকে গাগাকে শেষ দেখা গেছে জোকার টু। দর্শকের তীব্র আগ্রহ থাকলেও মুক্তির পর ছবিটি সাড়া জাগাতে পারেনি।
দুর্বল চিত্রনাট্যের কারণে বক্স অফিসে ব্যর্থ হয়েছে।অভিনয়ের বাইরে গাগা বর্তমানে তাঁর সপ্তম সিঙ্গল অ্যালবাম নিয়ে কাজ করছেন।অ্যালবামটি প্রকাশিত হবে নতুন বছরের ফেব্রুয়ারিতে। সম্প্রতি ডাই উইথ আ স্মাইল গানের জন্য ব্রুনো মারসের সঙ্গে যৌথভবে গ্র্যামিতে দুটি বিভাগে মনোনয়ন পেয়েছেন লেডি গাগা।
