
মণিপুরের পরিস্থিতি নিয়ে ঘরে-বাইরে চাপের মুখে পড়েছে রাজ্য সরকার। পরিস্থিতি নিয়ে সচিবালয়ে বৈঠকের ডাক দিয়েছিলেন মুখ্যমন্ত্রী এন বীরেন সিংহ। সেই বৈঠকে বিজেপি-সহ এনডিএ-র অন্য শরিক দলগুলির ২৭ জন বিধায়ক উপস্থিত থাকলেও গরহাজির ছিলেন ১১ জন।
অনুপস্থিত বিধায়কদের মধ্যে ছ’জন শারীরিক অসুস্থতার কথা জানালেও পাঁচ জন কিছুই জানাননি। মণিপুর প্রশাসনের সূত্রে খবর, মূলত দু’টি বিষয় নিয়ে বৈঠক উত্তপ্ত হয়ে উঠেছিল। সিংহভাগ বিধায়ক কুকি জঙ্গিদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করার আর্জি জানিয়েছেন। এর পাশাপাশি মেইতেই অধ্যুষিত ইম্ফল উপত্যকার ছ’টি থানায় সেনাবাহিনীর বিশেষ ক্ষমতা আফস্পা প্রত্যাহারের আর্জিও জানিয়েছেন ওই বিধায়কেরা। প্রস্তাব আকারে নিজেদের এই দুই দাবি তুলে ধরার পর এনডিএ-র বিধায়কেরা হুঁশিয়ারি দিয়েছেন, নির্দিষ্ট সময়ের মধ্যে কেন্দ্র তাঁদের কথা মেনে না-নিলে জনগণের পরামর্শ নিয়ে তাঁরা ভবিষ্যতের কর্মপন্থা স্থির করবেন। এই হুঁশিয়ারি বীরেন সরকারের ওপরে চাপ বাড়াচ্ছে। তা ছাড়াও, একের পর এক বিধায়কের বাড়িতে হামলার ঘটনাতেও উদ্বেগ প্রকাশ করেছেন বিধায়করা। মেইতেই গোষ্ঠীর বিধায়কেরা কুকি জঙ্গিদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করার জন্য রাজ্য এবং কেন্দ্রের বিরুদ্ধে ক্রমাগত চাপ বৃদ্ধি করে যাচ্ছেন।
ওই বিধায়কদের দাবি, কুকি জঙ্গিদের বিরুদ্ধে সরকার আগেই কঠোর অবস্থান নিলে জিরিনাম জেলায় মেইতেই পরিবারের ছয় সদস্যকে অপহরণ এবং খুনের ঘটনা ঘটত না।
ছবি সৌজন্যে : এক্স
