
প্রয়োজন পড়লে পশ্চিম ইউরোপে হামলা চালানো হবে। ফের এমনই হুঁশিয়ারি দিয়েছেন রাশিয়ার ভ্লাদিমির পুতিন। সম্প্রতি প্রয়োজনে পরমাণু অস্ত্র ব্যবহারের উদ্দেশ্যে নিউক্লিয়ার ডকট্রিন আনুষ্ঠানিকভাবে বদল করেছেন ভ্লাদিমির পুতিন।
এরপর ২১ নভেম্বর প্রথমবার দূরপাল্লার হাইপারসনিক আন্তর্মহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ে ইউক্রেনে হামলা চালিয়েছে রাশিয়া সেনা। পরমাণু অস্ত্র ব্যবহারে সক্ষম এই দূরপাল্লার ক্ষেপণাস্ত্রটিতে অবশ্য পরমাণু বিস্ফোরক ব্যবহার করা হয়নি।এই আবহে রুশ প্রেসিডেন্ট স্পষ্ট জানিয়ে দিয়েছেন, প্রয়োজন পড়লে পশ্চিম ইউরোপে হামলা চালাতেও তিনি দ্বিধা করবেন না। রাশিয়া যে দূরপাল্লার আন্তর্মহাদেশীয় ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে, তা কোন ক্ষেপণাস্ত্র প্রতিরোধী ব্যবস্থার সাহায্যে ধ্বংস করা সম্ভব নয়।
প্রসঙ্গত, ১৯ নভেম্বর রুশ হানার ১০০০তম দিনে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সেনা আর্মি ট্যাকটিক্যাল মিসাইল সিস্টেম ব্যবহার করে রাশিয়ার ব্রিয়ানস্ক এলাকায় হামলা চালিয়েছিল। তারপর থেকেই ধারাবাহিক প্রত্যাঘাত শুরু করেছে রুশ সেনা।
ছবি সৌজন্যে : এক্স
