
২০১৭ সালে মুক্তিপ্রাপ্ত জার্মান সিরিজ ডার্ক,নেটফ্লিক্সের সায়েন্স ফিকশন সিরিজটি থ্রিল ও ড্রামাতেও ডুবিয়ে রাখবে সমানতালে। কারণ ডার্ক শুধুমাত্র একটি সায়েন্স ফিকশন সিরিজ নয়,এটি একটি জটিল সময়ের ধাঁধা যা পরিবার, সময় এবং নিয়তির গভীরে প্রবেশ করে।জার্মান ভাষার এই সিরিজটি দর্শকদের এমন এক ভ্রমণে নিয়ে যায়, যেখানে প্রতিটি চরিত্র, সম্পর্ক এবং ঘটনা একে অপরের সাথে অবিচ্ছেদ্যভাবে জড়িত।
বলা হচ্ছে মস্তিকের উপর আপনি ঠিক কতটা চাপ নিতে পারবেন, সেই সীমারেখা জানতে পারবেন এই সিরিজটির মাধ্যমে।সায়েন্স ফিকশন আর টাইম ট্রাভেলের গোলকধাঁধায় রীতিমতো ঘুরপাক খাবেন।সিরিজটি শুরু হয় একটি ছোট জার্মান শহর উইন্ডেনে, যেখানে একটি শিশুর নিখোঁজ হওয়ার ঘটনা সবাইকে নাড়িয়ে দেয়।এই ঘটনার মধ্য দিয়ে পর্দা উন্মোচিত হয় শহরের চারটি পরিবারের গভীর রহস্য এবং তাদের অতীত, বর্তমান ও ভবিষ্যতের মধ্যে জটিল সংযোগ।যারা নিখোঁজ হচ্ছে তারা কি ফিরবে, নাকি তারা ফিরেছে আগেই! সময়ের ভেতর দিয়ে যাত্রা শুরু করে গল্পটি এমন এক জায়গায় পৌঁছায় যেখানে সময় চক্রাকারে বাঁধা থাকে এবং নিয়তি পাল্টানো প্রায় অসম্ভব।
বারান বো ওদার এবং জাঞ্জে ফ্রেজ পরিচালিত সিরিজটি তিনটি আলাদা আলাদা টাইমলাইনের গভীরে নিয়ে যাবে আপনাকে, যেখান থেকে হিসাব মেলানো হয়ে যাবে দুস্কর।
