শাহে অসন্তুষ্ট, বৈঠক ভেস্তে গ্রামের বাড়িতে শিন্ডে   

0
739
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রিত্ব নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে ইতিবাচক আলোচনার পরেও মহাজুটির বৈঠক ভেস্তে দিয়ে গ্রামের বাড়িতে চলে গিয়েছেন একনাথ শিন্ডে।
দিল্লিতে বৃহস্পতিবার রাত পর্যন্ত অমিত শাহের সঙ্গে একনাথ শিন্ডে, বিজেপির দেবেন্দ্র ফড়নবিশ ও অজিত পাওয়ারের আলোচনার পর ঠিক হয়েছিল শুক্রবার মুম্বইতে শাসক জোট গুরুত্বপূর্ণ বৈঠকে বসবে। এবং সেখান থেকে মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা করা হবে। কিন্তু তার আগেই সব জল্পনায় শেষ করে সাতারায় নিজের গ্রামের বাড়িতে চলে গিয়েছেন একনাথ শিন্ডে।জানা গিয়েছে, একনাথ শিন্ডে চলে যাওয়ায় এখন আর মহাজুটির বৈঠক হচ্ছে না। তিনি ফিরে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। সম্ভবত রবিবার এই বৈঠক হতে পারে। এরপরেই মহারাষ্ট্রে জল্পনা জড়িয়েছে যে, একনাথ শিন্ডে উপমুখ্যমন্ত্রীর পদ নিতে নারাজ। বিজেপি শীর্ষ নেতৃত্বের প্রস্তাবে তিনি অসন্তুষ্ট।যদিও অমিত শাহের সঙ্গে বৈঠকের পর শিবসেনা প্রধান একনাথ শিন্ডে বলেছিলেন, ভাল এবং ইতিবাচক বৈঠক হয়েছে। তাঁরা অমিত শাহ এবং জেপি নাড্ডার সঙ্গে আলোচনা করেছেন। কে মুখ্যমন্ত্রী হবেন, তা স্থির করতে মুম্বইয়ে আরও একটি বৈঠক হবে।
বিজেপি সূত্রে খবর, অমিত শাহের বৈঠকে মূলত মন্ত্রিসভার সম্ভাব্য গঠন নিয়ে আলোচনা হয়েছে। মন্ত্রিসভায় দলের অন্তত ১২ জনকে রাখার আর্জি জানিয়েছেন একনাথ শিন্ডে।সেক্ষেত্রে বিজেপির ২০ জন এবং এনসিপি-র ১০ জন মন্ত্রী হবেন।