
সুপ্রিম কোর্টে পিছিয়ে গিয়েছে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের জামিন মামলার শুনানি। শীর্ষ আদালতের বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি উজ্জ্বল ভূঞার ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি ছিল।
ওই বেঞ্চে পার্থ চট্টোপাধ্যায় মামলার রিপোর্ট জমা পড়েছে। বিচারপতিরা জানিয়েছেন, রিপোর্ট পড়ার জন্য কিছুটা সময় লাগবে তাঁদের। তারপরেই মামলাটির শুনানি সম্ভব। নিয়োগ দুর্নীতিতে ইডির মামলায় জামিন চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন পার্থ চট্টোপাধ্যায়। শনিবার আদালতে ইডির আইনজীবী এই সংক্রান্ত রিপোর্ট জমা দিয়েছেন। ইডির দাবিগুলির বিরোধিতা করে রিপোর্ট দিয়েছেন পার্থের আইনজীবীও।
উভয়পক্ষের রিপোর্ট পড়ে দেখার জন্য সময় চেয়েছেন বিচারপতিরা। ডিভিশন বেঞ্চ জানিয়েছে, রিপোর্টগুলি খতিয়ে দেখা হলে পার্থের মামলাটির শুনানি হবে। আগামী বুধবার অথবা বৃহস্পতিবার শীর্ষ আদালতে এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে।
