‘উই ওয়ান্ট জাস্টিস’ স্লোগান লোকসভায়, অচল রাজ্যসভাও

0
278
ছবি সৌজন্যে : এক্স
সংসদের শীতকালীন অধিবেশনের ষষ্ঠদিনেও যথারীতি বিরোধী সাংসদদের হট্টগোলের জেরে মুলতুবি হয়ে গিয়েছে লোকসভা এবং রাজ্যসভা।
সোমবার ১১টায় লোকসভার অধিবেশনের শুরুতেই কেন্দ্রীয় মন্ত্রী জয়ন্ত চৌধুরি এক প্রশ্নের জবাব দেওয়ার সময় বিরোধীরা একযোগে উই ওয়ান্ট জাস্টিস স্লোগানে হইচই জুড়ে দেন। স্পিকার ওম বিড়লা বারবার বিরোধী সদস্যদের আসন গ্রহণ করতে অনুরোধ করেন। তাতেও কোনও কাজ না হওয়ায় সভা সাময়িক মুলতুবি করেন তিনি। পরে দুপুর ১২টায় ফের সভা বসলে উত্তাল হয়ে ওঠে লোকসভা। শেষে দিনের মতো সভার কাজ মুলতুবি করে দিতে বাধ্য হন স্পিকার।অন্যদিকে, রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখড়ও বিরোধী সদস্যদের শান্ত হওয়ার আবেদন জানালেও কোনও কাজ হয়নি। শেষে তিনিও দুপুর পর্যন্ত সভা মুলতুবি করে দেন। রাজ্যসভাতেও একই ছবি ফুটে ওঠে দুপুরে। ফের কার্যাবলি শুরু হতে না হতেই বিরোধীদের হট্টগোলে এদিনের মতো সংসদের উচ্চকক্ষ মুলতুবি করে দেন জগদীপ ধনখড়। সব মিলিয়ে শীতকালীন অধিবশনের শুরু থেকে একদিনও গোটা দিন সভার কাজ চলেনি।এদিকে, এদিনই বিরোধী ইন্ডিয়া জোটের নেতারা সম্মিলিতভাবে স্পিকার ওম বিড়লাকে সুষ্ঠুভাবে সভার কাজ চালানোর অনুরোধ জানিয়েছেন।
সংসদের অধিবেশন শুরুর আগে রাজ্যসভার বিরোধী দলনেতা কংগ্রেসের মল্লিকার্জুন খাড়গের ঘরে ইন্ডিয়া জোটের নেতারা মিলিত হন। ওই বৈঠকে হাজির ছিলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীও।