
রাস্তা আটকে বা সাধারণ মানুষের সমস্যা করে আন্দোলন করা যাবে না। হরিয়ানা সীমানায় প্রতিবাদী কৃষকদের এমনটাই জানিয়েছে সুপ্রিম কোর্ট।সংযুক্ত কিষান মোর্চা অরাজনৈতিক-এর নেতা জগজিৎ সিং দাল্লেওয়াল ফসলের ন্যূনতম সহায়ক মূল্যের বিষয়ে পাঞ্জাবের কৃষকদের দাবিদাওয়া নিয়ে আন্দোলন চালিয়ে যাচ্ছেন।
তাঁর দায়ের করা মামলায় শীর্ষ আদালতের বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি উজ্জ্বল ভূঞার বেঞ্চ জানিয়েছে, শান্তিপূর্ণ প্রতিবাদ করা গণতান্ত্রিক অধিকার। তবে সেটি দায়িত্বশীল ভাবে করতে হবে।কৃষকদের অভিযোগগুলির বিষয়ে আদালতের নজরে রয়েছে এবং এটি বর্তমানে বিচারাধীন বিষয়। সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ, গণতান্ত্রিক পরিকাঠামোয় যে কেউ শান্তিপূর্ণ প্রতিবাদ করতেই পারেন। কিন্তু অন্যের অসুবিধা করা চলবে না। পাঞ্জাব-হরিয়ানার মাঝে খানাউরি সীমানা যে পাঞ্জাবে জনজীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অঞ্চল, তাও জানিয়েছে শীর্ষ আদালত। সুপ্রিম কোর্টের মন্তব্য, প্রতিবাদ ঠিক না ভুল তা নিয়ে আদালত কোনও মন্তব্য করতে চাইছে না।
তবে পাঞ্জাবে শান্তিপূর্ণ আন্দোলন চললে তা আইন মেনে চলতে হবে এবং কারও অসুবিধা করা যাবে না বলে জানিয়েছে আদালত।তবে এই মামলায় এখনই কোনও পদক্ষেপ করেনি শীর্ষ আদালত। তবে আদালত সতর্ক করে দিয়েছে, আন্দোলনের জন্য যাতে কারও সমস্যা না হয়।
