জোটের প্রশ্ন আসছে কেন, আপকে পাল্টা কংগ্রেসের

0
102
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
জোটের প্রশ্ন আসছে কেন। দিল্লির বিধানসভা নির্বাচন নিয়ে আম আদমি পার্টিকে পাল্টা চাপ দিয়েছে কংগ্রেস।রবিবারই আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল ঘোষণা করেছেন, দিল্লিতে একাই লড়বে তাঁর দল। কংগ্রেসের সঙ্গে কোনওরকম জোটের সম্ভাবনা খারিজ করে দেন তিনি।
এরপরেই পাল্টা কংগ্রেসের দলিত নেতা উদিত রাজ বলেছেন, কংগ্রেস তো দিল্লি বিধানসভা নির্বাচনে একা লড়ার কথা আগেই জানিয়ে দিয়েছে। তাহলে আপ কেন জোটের প্রসঙ্গ তুলছে।দিল্লি কংগ্রেসের সভাপতি দেবেন্দ্র যাদব আগেই জানিয়ে দিয়েছেন দিল্লিতে আপের সঙ্গে জোট হবে না। কংগ্রেস যেখানে আগেই একা লড়াই করার কথা ঘোষণা করেছে, সেখানে জোটের প্রশ্ন আসছে কেন। দিল্লির শাসকদলকে কটাক্ষ করে কংগ্রেস নেতার প্রশ্ন, তাহলে কি আপ ভয় পাচ্ছে। বস্তুত, দিল্লি বিধানসভা নির্বাচনে যে কংগ্রেস এবং আপের জোট হবে না, সেটা প্রত্যাশিতই ছিল।এর আগে লোকসভা নির্বাচনের সময়ে পাঞ্জাবে আপ একা লড়বে বলে জানিয়েছিলেন তিনি। হরিয়ানার ভোটেও কংগ্রেসের সঙ্গে কোনও আসন সমঝোতা হয়নি আপের। দিল্লির বিধানসভা ভোটেও একার লড়াইয়ের উপরেই আস্থা রাখছেন অরবিন্দ কেজরিওয়াল।
আগামী বছরের শুরুতেই দিল্লিতে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। ফেব্রুয়ারির আগেই ভোট হতে পারে।