
বিদ্যুৎ বিল বাবদ বাংলাদেশ সরকারের কাছে ১৩৫ কোটি টাকা বকেয়া চেয়েছে ত্রিপুরা সরকার। বিদ্যুৎচুক্তি নিয়ে গৌতম আদানির মালিকানাধীন শিল্পগোষ্ঠীর সঙ্গে টালবাহানার মধ্যেই ত্রিপুরা সরকার বাংলাদেশকে বকেয়া মিটিয়ে দিতে বলেছে।
বিদ্যুৎ পাঠানো নিয়ে ভারতের ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশনে’র সঙ্গে বাংলাদেশ সরকারের চুক্তি হয়েছিল। চুক্তি মোতাবেক, প্রতি ইউনিটের জন্য একটি নির্দিষ্ট অর্থ ধার্য করেছিল ত্রিপুরা সরকার। সেই অর্থের বিনিময়ে বাংলাদেশে বিদ্যুৎ পাঠায় তারা। কিন্তু ত্রিপুরা সরকার জানিয়েছে, বাংলাদেশের কাছে বিদ্যুৎ বিল বাবদ অনেক টাকা বকেয়া রয়েছে। ত্রিপুরার বিদ্যুৎমন্ত্রী রতলনাথ জানিয়েছেন, যদিও ১৩৫ কোটি টাকা বকেয়া রয়েছে, তবে বাংলাদেশ নিয়মিত ভাবে অর্থ প্রদান করছে। বিদ্যুৎ বাবদ প্রতি ইউনিটের হিসাবে ছ’টাকা ৬৫ পয়সা করে নেয় ত্রিপুরা সরকার। সরকার আপ্রাণ চেষ্টা করছে বকেয়া টাকা ফিরিয়ে আনার জন্য। বাংলাদেশ কর্তৃপক্ষকে এই ব্যাপারে চিঠিও লিখেছেন।
তিনি ব্যক্তিগতভাবে বাংলাদেশের বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যানের সঙ্গে দেখা করেছেন। শুধু তাই নয়, ভারতের কেন্দ্রীয় বিদ্যুৎমন্ত্রীর সঙ্গে এ বিষয়ে যোগাযোগ করেছেন বলে জানিয়েছেন রতনলাল।








