
শেষ মুহূর্তে মহাকাশযানে যান্ত্রিক ত্রুটির জেরে পিছিয়ে গিয়েছে প্রোবা-৩ এর উৎক্ষেপণ। এমনটাই জানিয়েছে ইসরো।
তবে বুধবারই প্রোবা-৩ এর পরবর্তী উৎক্ষেপণের দিনক্ষণ ঘোষণা করে দিয়েছে ইসরো। বলা হয়েছে, বুধবারের পরিবর্তে বৃহস্পতিবার দুপুর ৪টে ১২ মিনিটে শ্রীহরিকোটার সতীশ ধবন মহাকাশ কেন্দ্র থেকে পিএসএলভি সি-৫৯ রকেটে চেপে মহাশূন্যে পাড়ি দেবে প্রোবা-৩।প্রাথমিকভাবে ইসরো জানিয়েছিল, বুধবার বিকেল ৪টে ৮ মিনিটে শ্রীহরিকোটা থেকে যাত্রা শুরু হবে প্রোবা-৩ এর। কিন্তু শেষ মূহূর্তে মহাকাশযানটিতে কিছু যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। অথচ হাতে সময় কম। এরপরেই ইসরো-র আধিকারিকরা সিদ্ধান্ত নেন, বৃহস্পতিবার ফের মহাকাশযানটি উৎক্ষেপণের চেষ্টা করা হবে। তবে ঠিক কী ধরণের যান্ত্রিক ত্রুটির কারণে এমনটা হল, তা এখনও স্পষ্ট করেনি ইসরো। প্রোবা-৩ মহাকাশযান আসলে দু’টি মহাকাশযানের সমষ্টি। একটির নাম করোনাগ্রাফ স্পেসক্রাফট এবং অন্যটি অকাল্ট স্পেসক্রাফট। পূর্ণগ্রাস গ্রহণের সময় সূর্যের ছটা অর্থাৎ করোনা অঞ্চলের যে ছবি ক্যামেরায় ধরা পড়ে, সেই ছবি তুলতেই ওই মহাকাশযানটি পাঠাচ্ছেন বিজ্ঞানীরা। সূর্যকে নিয়ে এমন নানা গবেষণামূলক অনুসন্ধান চালাবে প্রোবা।
মহাকাশযানটি ইউরোপীয় মহাকাশ গবেষণা সংস্থার তৈরি। আর প্রোবা-৩ মহাকাশে পাঠানোর দায়িত্ব পেয়েছে ভারতের রাষ্ট্রায়ত্ত সংস্থা নিউ স্পেস ইন্ডিয়া লিমিটেড।
