
হঠাৎ করেই অভিনয় থেকে অবসরে যাবার ঘোষণা করেছিলেন বলিউডের উঠতি তারকা বিক্রান্ত ম্যাসি। ক্যারিয়ারের সোনালি সময়ে থাকা অভিনেতা জানান,নিজের অবসরের কথা।
আর তার এই সিদ্ধান্ত ফ্যান ফলোয়ারদের রীতিমতো অবাক করে দিয়েছে।বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়। সবার একই কথা ছিল,এমন কী হল, যে হঠাৎ ৩৭ বছর বয়সে এমন সিদ্ধান্ত। তবে সে উত্তর অধরা ছিল। এমনকী, বিক্রান্তও তা নিয়ে মুখ খোলেননি।তবে মিডিয়ায় এবং সোশ্যাল মিডিয়ায় বিষয়টি নিয়ে তুমুল আলোচনার কারণে এবার মুখ খুলেছেন বিক্রান্ত। জানিয়েছেন,তার বক্তব্যের ভুল ব্যাখ্যা করা হচ্ছে। বিক্রান্ত জানিয়েছেন,তাঁর পোস্টের ভুল ব্যাখ্যা হয়েছে। তিনি একেবারেই অবসর ঘোষণা করেননি। বরং অভিনয় থেকে কিছুদিনের ব্রেক নেওয়ার কথা জানিয়েছেন মাত্র। অভিনয় ছাড়া বিক্রান্ত ম্যাসি আর কিছুই চান না। কিন্তু এখন তিনি মানসিক ও শারীরিক দিক থেকে বিধ্বস্ত।তাই কিছুদিনের ব্রেক নিয়েছেন।এর মধ্যে পার্লামেন্টে দেখানো হয়েছে বিক্রান্তের সদ্য মুক্তিপ্রাপ্ত দ্য সবরমতি রিপোর্ট সিনেমাটি।এই সিনেমার স্পেশাল স্ক্রিনিংয়ে হাজির ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিক্রান্ত ম্যাসি, রাশি খান্না ও ঋদ্ধি ডোগরার প্রশংসাও করেছেন। এজন্য দারুণ উচ্ছ্বসিত বিক্রান্ত।এর আগে, ১ ডিসেম্বর বিক্রান্ত সোশ্যাল মিডিয়া পেজে ঘোষণা করেন যে, তিনি অভিনয় ছাড়তে চলেছেন। অভিনয়কে বিদায় জানানোর তথ্য উল্লেখ করে বিক্রান্ত ম্যাসি লেখেন, গত কয়েক বছর দারুণ কেটেছে। সবার অসাধারণ সমর্থনের জন্য ধন্যবাদ জানাই। কিন্তু আমি যতই সামনে এগিয়ে যাচ্ছি, ততই উপলদ্ধি করছি, আমার বাড়ি ফেরার সময় হয়েছে। একজন স্বামী, বাবা, সন্তান এবং একজন অভিনেতা হিসেবেও।অন্যদিকে,বিক্রান্ত অভিনীত শেষ সিনেমা দ্য সবরমতি রিপোর্ট। ১৫ নভেম্বর মুক্তি পায় এটি। ২০০২ সালের ২৭ ফেব্রুয়ারি ভারতের গুজরাটের গোধরায় একটি ট্রেনে অগ্নিসংযোগের ঘটনায় ৫৯ জনের মৃত্যু হয়,যাদের অধিকাংশই ছিল তীর্থযাত্রী। ওই ঘটনাকে কেন্দ্র করে গুরুতর সাম্প্রদায়িক দাঙ্গা শুরু হয়। এতে ১ হাজারেরও বেশি লোক নিহত হয়।সেই ঘটনা নিয়ে নির্মিত হয় এই সিনেমা যা মুক্তির পর দারুণ সাড়া ফেলেছে। আর এবার তো খোদ প্রধানমন্ত্রীর মুখেই শোনা গিয়েছে সিনেমাটির প্রশংসা।ওদিকে,দু’ দশকের বেশি সময় ধরে বলিউড, টেলিভিশন এবং ওটিটি প্ল্যাটফর্মে একের পর এক দুর্দান্ত পারফরম্যান্স উপহার দিয়েছেন বিক্রান্ত ম্যাসি। ২০০৯ সালে বালিকা বধূ সিরিজ দিয়ে পরিচিতি পান বিক্রান্ত। তবে তার ক্যারিয়ারের মোড় ঘুরিয়ে দেয় গতবছর মুক্তি পাওয়া সিনেমা,টুয়েলভথ ফেল।
সিনেমাটিতে অভিনয় করে ব্যাপক প্রশংসিত হন বিক্রান্ত। জিতে নেন ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড।এছাড়াও হাসিনা দিলরুবা এবং সেক্টর থার্টি সিক্স-এর মতো সিনেমাগুলোতে বিক্রান্ত ম্যাসির অভিনয় সমালোচকদের পাশাপাশি দর্শকদেরও মুগ্ধ করেছে।








