মঙ্গলবারও স্বর্ণমন্দিরের চত্বরে ঘোরাঘুরি প্রাক্তন খালিস্তানির 

0
83
ছবি সৌজন্যে : সোশ্যাল মিডিয়া
শিরোমণি অকালি দলের প্রধান সুখবীর সিং বাদলকে হামলার আগের দিনও দীর্ঘক্ষণ স্বর্ণমন্দিরের চত্বরে ঘোরাঘুরি করেছিলেন ধৃত প্রাক্তন খালিস্তানি। বুধবার সকালে অমৃতসর স্বর্ণমন্দিরের বাইরে শিরোমণি অকালি দলের প্রধান সুখবীর সিং বাদলকে লক্ষ্য করে গুলি চলার ঘটনায় এক বৃদ্ধকে গ্রেফতার করেছে পুলিশ।

কেন সুখবীর সিং বাদলের উপর হামলা চালানো হল, জানতে তদন্ত শুরু হয়েছে। সেই আবহেই এবার এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে জানা গিয়েছে, শুধু বুধবার নয়, বরং মঙ্গলবারও দীর্ঘক্ষণ স্বর্ণমন্দিরের সামনে ঘোরাঘুরি করেছিলেন ধৃত। বৃহস্পতিবার অমৃতসরের পুলিশ কমিশনার গুরপ্রীত সিং ভুল্লর জানিয়েছেন, বুধবারের ঘটনায় সাদা পোশাকে থাকা পুলিশকর্মীদের তৎপরতায় বেঁচে যান সুখবীর সিং বাদল। পরে এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে জানা যায়, মঙ্গলবারও ওই চত্বরে সন্দেহজনক ভাবে ঘোরাফেরা করছিলেন ওই বৃদ্ধ। পরনে ছিল ঘিয়ে রঙের সোয়েটার। এরপরেই মন্দিরের নিরাপত্তায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন অকালি দলের প্রবীণ নেতা তথা পাঞ্জাবের প্রাক্তন মন্ত্রী বিক্রম সিং মাজিথিয়া। তাঁর প্রশ্ন, পুলিশ যদি এতই সজাগ ছিল, তাহলে মঙ্গলবারই কেন ওই সন্দেহভাজনকে আটক করা হল না।

তবে ওই ঘটনার পরেই স্বর্ণমন্দিরের নিরাপত্তা বাড়ানো হয়েছে। মোতায়েন হয়েছেন প্রায় ১৭৫ পুলিশকর্মী।