ইসরোর রকেটে ইউরোপের প্রোবা-৩ সফল উৎক্ষেপণ

0
211
ছবি সৌজন্যে : এক্স

ইসরোর রকেটে চড়ে মহাকাশে পাড়ি দিয়েছে ইউরোপীয় স্পেস এজেন্সির প্রোবা-৩ স্যাটেলাইট। বুধবার এই অভিযান শুরুর কথা ছিল। কিন্তু শেষ মুহূর্তে স্যাটেলাইটটিতে কিছু সমস্যা দেখা দেওয়ায়, উৎক্ষেপণ বাতিল করা হয়েছিল। বৃহস্পতিবার অবশ্য আর কোনও বাধা-বিপত্তি দেখা দেয়নি।

বিকেল ৪টে বেজে ১২ মিনিটে অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার মহাকাশ বন্দর নির্বিঘ্নে প্রোবা-৩ স্যাটেলাইট নিয়ে মহাকাশের উদ্দেশে পাড়ি দিয়েছে ইসরোর পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকেল বা পিএসএলভি এক্সএল রকেট। ফলে অন্য়ান্য মহাকাশ সংস্থার সঙ্গে সহযোগিতা স্থাপনের লক্ষ্যে আরও এক ধাপ এগিয়ে গিয়েছে ইসরো। এক্সে হ্যান্ডেলে ইসরো জানিয়েছে, সফল লিফ্ট অফ। সফলভাবে মহাকাশে পাড়ি দিল পিএসএলভি-সি৫৯। ইসরো-র প্রযুক্তিগত দক্ষতায় ইএসএ-র যুগান্তকারী প্রোবা-২ স্যাটেলাইটকে নির্দিষ্ট কক্ষপথে স্থাপনের মধ্য দিয়ে এক আন্তর্জাতিক অভিযানের সূচনা হল। এটা আন্তর্জাতিক সহযোগিতা এবং ভারতের মহাকাশ সাফল্যের সমন্বয় উদযাপনের এক গর্বের মুহূর্ত। আরও এক পোস্টে ইসরো বলেছে, সাফল্য উদযাপন করছে তারা। এনএসঐআইএল, ইসরো এবং ইএসএ দলের যৌথ অবদানে পিএসএলভি-সি৫৯/প্রোবা-৩ অভিযান হচ্ছে। এই কৃতিত্ব বিশ্বব্যাপী মহাকাশ চর্চায় ভারতের গুরুত্বপূর্ণ ভূমিকাকে তুলে ধরে। প্রোবা-৩ মহাকাশযান আসলে দু’টি মহাকাশযানের সমষ্টি। একটির নাম করোনাগ্রাফ স্পেসক্রাফট এবং অন্যটি অকাল্ট স্পেসক্রাফট।

পূর্ণগ্রাস গ্রহণের সময় সূর্যের ছটা অর্থাৎ করোনা অঞ্চলের যে ছবি ক্যামেরায় ধরা পড়ে, সেই ছবি তুলতেই ওই মহাকাশযানটি পাঠাচ্ছেন বিজ্ঞানীরা। সূর্যকে নিয়ে এমন নানা গবেষণামূলক অনুসন্ধান চালাবে প্রোবা।