
প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার মন্তব্য সোশ্যাল মিডিয়ায় এবং গণমাধ্যম থেকে সরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ওই মন্তব্যগুলিকে বিদ্বেষমূলক বলে উল্লেখ করা হয়েছে।
বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার শেখ হাসিনার মন্তব্যের বিরুদ্ধে আইসিটির দ্বারস্থ হয়েছিল। বৃহস্পতিবার এই সংক্রান্ত নির্দেশ দিয়েছে আইসিটি।আইসিটিতে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের তরফের আইনজীবী আবদুল্লা আল নোমান জানিয়েছেন, ট্রাইব্যুনালের নির্দেশটি আন্তর্জাতিক স্তরেও পাঠানোর বন্দোবস্ত করা হচ্ছে। বাংলাদেশে সংখ্যালঘুদের উপর অত্যাচারের যে অভিযোগ প্রকাশ্যে এসেছে, তার প্রেক্ষিতে চলতি সপ্তাহের শুরুতে আমেরিকার নিউ ইয়র্কে আওয়ামী লীগের একটি অনুষ্ঠানে ভার্চুয়াল মাধ্যমে ভাষণ দিয়েছিলেন শেখ হাসিনা। সেখানে তিনি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসকে বাংলাদেশে অশান্তির জন্য দায়ী করেন। শেখ হাসিনার এই মন্তব্যের পর বাংলাদেশে ব্যাপক চর্চা হয়। অন্তর্বর্তীকালীন সরকারের তরফে এই মন্তব্যের বিরুদ্ধে আইসিটিতে আবেদন জানানো হয়। তাদের বক্তব্য, শেখ হাসিনার মন্তব্যের প্রচার সোশ্যাল মিডিয়া এবং গণমাধ্যমে নিষিদ্ধ না হলে তাঁর বিরুদ্ধে তদন্ত প্রভাবিত হতে পারে।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মহম্মদ গোলাম মর্তুজা মজুমদার ওই মন্তব্য সর্বত্র নিষিদ্ধ করার নির্দেশ দিয়েছেন। টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিটিকে প্রয়োজনীয় পদক্ষেপ করতে বলা হয়েছে।





