
নিয়োগ মামলায় ইডির করা মামলা থেকে জামিন পেলেন সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকু। কলকাতা হাই কোর্ট শুক্রবার তাঁর জামিন মঞ্জুর করেছে। কালীঘাটের কাকু’কে শোন অ্যারেস্ট ,গ্রেফতার হওয়া ব্যক্তিকে আবার গ্রেফতার করার প্রক্রিয়া করতে চেয়ে আদালতে আবেদন করেছিল সিবিআই।
এখনও তা করা যায়নি। ফলে ইডির মামলা থেকে জামিন পাওয়ার পর এ বার সুজয়কৃষ্ণের জেলমুক্তির সম্ভাবনা তৈরি হয়েছে। যদিও নিম্ন আদালতে সিবিআইয়ের আবেদনের প্রেক্ষিতে আবার কালীঘাটের কাকু’কে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। আগামী ৯ তারিখ তাঁকে হাজির হতে বলা হয়েছে। এই ধরনের নির্দেশ জারি থাকলে বন্দি জেল থেকে বেরোতে পারেন না। শুক্রবার কলকাতা হাই কোর্টের বিচারপতি শুভ্রা ঘোষ তিনটি শর্তে জামিন দিয়েছেন কাকুকে। বলা হয়েছে,মামলার সঙ্গে যুক্ত কোনও তথ্য ও প্রমাণ নষ্ট করা যাবে না।
সাক্ষীদের প্রভাবিত করা যাবে না।পাসপোর্ট জমা রাখতে হবে। আদালতের অনুমতি ছাড়া পশ্চিমবঙ্গের বাইরে যেতে পারবেন না কালীঘাটের কাকু। নিম্ন আদালতের এলাকার বাইরেও যেতে পারবেন না তিনি।








