
মোদী আদানি ভাই ভাই মাস্ক পরে সংবিধান হাতে নিয়ে কংগ্রেসের নেতৃত্বাধীন ইন্ডিয়া জোটের অভিনব প্রতিবাদ ফের এড়িয়ে গিয়েছে তৃণমূল কংগ্রেস এবং সমাজবাদী পার্টি।
শুক্রবার আদানির ঘুষকাণ্ড নিয়ে কংগ্রেস এবং বিরোধী জোট ইন্ডিয়া’র শরিক দলের সাংসদদের বিক্ষোভ-মিছিলে উত্তাল হয়েছে সংসদ চত্বর। কিন্তু বিরোধী জোটের দ্বিতীয় বৃহত্তম দল এসপি এবং তৃতীয় বৃহত্তম দল তৃণমূল কংগ্রেসের কোনও সাংসদকে প্রতিবাদ কর্মসূচিতে দেখা যায়নি।এদিন প্রতিবাদ মিছিলে একদম সামনের সারিতে ছিলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী, কংগ্রেস সাংসদ প্রিয়ঙ্কা গান্ধী বঢরা। সংবিধান হাতে নিয়ে সংসদ চত্বরও প্রতিবাদ মিছিল করেছেন তাঁরা। আর মুখে ছিল তাদের কালো মাস্ক। যাতে লেখা ছিল মোদী আদানি ভাই ভাই।প্রিয়াঙ্কা গান্ধী অভিযোগ করেছেন, কেন্দ্রীয় সরকার আদানি ইস্যুতে আলোচনা করতে ভয় পায়। রাহুল গান্ধীও গৌতম আদানিকে গ্রেফতারের দাবি জানিয়েছেন। অন্যদিকে, হাতে সংবিধান নিয়ে বিরোধীদের প্রতিবাদের সমালোচনা করেছেন কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ যোশী। তাঁর কথায়, কংগ্রেস বরাবরই সংবিধানকে অসম্মান করেছে এবং তাঁরাই সংবিধানের কথা বলছে। তাঁরা জরুরি অবস্থার সময়ে বি আর আম্বেদকরকে অসম্মান করেছিল। জনসাধারণ ইতিমধ্যে বিভিন্ন রাজ্যে তাঁদের উচিত শিক্ষা দিয়েছে।
এরপরেই পাল্টা কংগ্রেস সাংসদ কেসি বেণুগোপাল বলেছেন, আদানির জন্য সাংবিধানিক অধিকার লঙ্ঘন করা হয়েছে।তাঁরা প্রতীকী প্রতিবাদ করেছেন। যখনই আদানির নাম আসে, তখনই সরকার ইস্যুটি অন্যদিকে ঘুরিয়ে দিতে চায়।
