সংখ্যালঘুদের নিরাপত্তায় পদক্ষেপ করুক বাংলাদেশ : মিশ্রি  

0
156
ছবি সৌজন্যে : এক্স
সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিতে পদক্ষেপ করতে হবে বাংলাদেশ সরকারকে। ঢাকায় দাঁড়িয়ে বার্তা দিয়েছেন বিদেশসচিব বিক্রম মিশ্রি। ভারত-বাংলাদেশ টানাপড়েনের আবহেই ঢাকায় অতিথি নিবাস পদ্মা ভবনে বিদেশসচিব বিক্রম মিশ্রির সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের বিদেশসচিব মহম্মদ জসীম উদ্দিন।
পাশাপাশি বাংলাদেশের বিদেশমন্ত্রকের উপদেষ্টা মহম্মদ তৌহিদ হোসেনের সঙ্গেও বৈঠক করেছেন বিদেশসচিব বিক্রম মিশ্রি। বিদেশসচিব পর্যায়ের বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিক্রম মিশ্রি বলেছেন, এই আলোচনা ভারত-বাংলাদেশ উভয় দেশের মধ্যেই সম্পর্ক খতিয়ে দেখার সুযোগ করে দিয়েছে।এদিন যে ভাবে উভয়পক্ষের মধ্যে খোলামেলা ও গঠনমূলক আলোচনা হয়েছে তা প্রশংসনীয়। বৈঠকে তিনি জোর দিয়ে বলেছেন, ভারত ইতিবাচক, গঠনমূলক ও পারস্পরিক সমঝোতার সম্পর্ক চায় বাংলাদেশের সঙ্গে। একই সঙ্গে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে ভারত নিবিড়ভাবে কাজ করতে চায়। তাঁরা বিদ্যুৎ, শক্তি, যোগাযোগ, বিদ্যুৎ, বাণিজ্য, সাংস্কৃতিক বোঝাপড়া, কূটনৈতিক বোঝাপড়া-সহ একাধিক বিষয়ে কথা বলেছেন।বাংলাদেশে সংখ্যালঘু অত্যাচার প্রসঙ্গে বিদেশসচিব বলেছেন, সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে ভারতের উদ্বেগের কথা জানিয়েছেন বাংলাদেশকে।
কিছু দুঃখজনক ঘটনা নিয়েও দুই দেশের মধ্যে আলোচনা হয়েছে। সাংস্কৃতিক, ধর্মীয় ও কূটনৈতিক পরিকাঠামোয় হামলা দুঃখজনক বলে জানিয়েছেন তিনি। এই বিষয়ে বাংলাদেশ সরকারের কাছ থেকে গঠনমূলক পদক্ষেপ আশা করে ভারত।