
জম্মু ও কাশ্মীরের পুঞ্চে নিয়ন্ত্রণরেখায় মাটিতে পুঁতে রাখা মাইন বিস্ফোরণে মৃত্যু হয়েছে এক ভারতীয় জওয়ানের।
সূত্রের খবর, পুঞ্চ জেলার মান্ডি এলাকার কাছে টহলদারির সময় মাটিতে পুঁতে রাখা মাইনে পা দিতেই বিস্ফোরণে ঝলসে গিয়েছেন বছর উনচল্লিশের ভি সুব্বাইয়া ভারিকুন্ত। থানেদার টিকরি এলাকায় এরিয়া ডমিনেশনের সময় মাইনে পা পরে যায় ওই জওয়ানের। সঙ্গে সঙ্গে বিস্ফোরণ ঘটে, দ্রুত জখম অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেছেন। হোয়াইট নাইট কর্পসের জেনারেল অফিসার কমান্ডিং লেফটেন্যান্ট জেনারেল নবীন সচদেভা-সহ অন্যান্য জওয়ানরা শহিদ জওয়ানকে শেষশ্রদ্ধা জানিয়েছেন। পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে।
প্রসঙ্গত, সপ্তাহের শুরুতেই কাশ্মীরের উধমপুর জেলায় দুই পুলিশ আধিকারিকের দেহ উদ্ধার হয়েছে। দুজনের দেহেই বুলেটের ক্ষত পাওয়া গিয়েছিল। পুলিশ কর্তাদের নিজেদের আগ্নেয়াস্ত্র দিয়েই গুলি চলার অনুমান তদন্তকারী আধিকারিকদের।








