
যুবসমাজ একুশ শতকের ভারতকে ভিন্ন দৃষ্টিভঙ্গি দিয়ে দেখে। এমনটাই জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বুধবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে স্মার্ট ইন্ডিয়া হ্যাকাথন ২০২৪-এর অংশগ্রহণকারীদের সঙ্গে কথা বলেছেন প্রধানমন্ত্রী।
সারা দেশে ৫১টি কেন্দ্রে অনুষ্ঠিত গ্র্যান্ড ফিনালেতে ১ হাজার ৩০০টিরও বেশি পড়ুয়ার দল অংশগ্রহণ করছে। সেখানে প্রধানমন্ত্রী বলেছেন, বর্তমান ভারত সকলের প্রচেষ্টায় এগিয়ে যেতে পারে।যুবসমাজের কাছ থেকে অনেক শেখার আছে। তরুণ উদ্ভাবকরা একুশ শতকের ভারতকে আলাদা দৃষ্টিভঙ্গি দিয়ে দেখেন। তাই তাদের সমাধানগুলিও আলাদা। এই পরিস্থিতিতে যখন তাদের কাছে নতুন চ্যালেঞ্জগুলি আসে, তখন সেগুলির অনন্য সমাধানও খুঁজে পান তাঁরা।সাইবার নিরাপত্তা প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেছেন, ভারত বিশ্বের অন্যতম ডিজিটাল অর্থনীতি।দেশে বৃহৎভাবে ডিজিটালি সংযুক্ত হচ্ছে। সেইসঙ্গে সাইবার অপরাধও বাড়ছে। তাই যুবসমাজ যে সমাধান নিয়ে কাজ করছেন তা ভারতের ভবিষ্যতের জন্য খুবই গুরুত্বপূর্ণ। বর্তমানে দেশে বিভিন্ন প্রয়োজনে ড্রোন ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে।
এখন ড্রোনের মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলে ওষুধ এবং প্রয়োজনীয় জিনিসপত্র পৌঁছে দেওয়া হচ্ছে। কিন্তু দেশের শত্রুরা ভারতে অস্ত্র ও মাদক পাচারে ড্রোন ব্যবহার করছে।তরুণ উদ্ভাবকরা এই ধরনের চ্যালেঞ্জ মোকাবিলায় গুরুত্ব সহকারে কাজ করছে।
