
সংসদে উত্তাপের মধ্যেই আচমকা উত্তরপ্রদেশের হাথরসে নিহত নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করেছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। ২০২০ সালের সেপ্টেম্বর মাসে হাথরসের বুলগারহী গ্রামে ১৯ বছরের এক তরুণীকে অত্যাচারের অভিযোগ ওঠে।
পরে তিনি মারা যান। সেই ঘটনার পর কেটে গিয়েছে বহু বছর। সেই বুলগারহী গ্রামে এদিন নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করতে যান কংগ্রেসের সাংসদ রাহুল গান্ধী।জানা গিয়েছে, রাহুল গান্ধীর এই সফর কার্যত সারপ্রাইজ ভিজিট ছিল। প্রশাসন ও পুলিশকে বেশ কিছুটা অবাক করেই কংগ্রেস নেতা পৌঁছন নির্যাতিতার বাড়িতে। তবে রায়বরেলির সাংসদের নিরাপত্তা আটোসাঁটো করতে তৎপর ছিল স্থানীয় পুলিশ। নির্যাতিতার পরিবারের সঙ্গে ৪৫ মিনিট কথা বলেছেন কংগ্রেস নেতা। নির্যাতিতার বাড়ির সামনে মোতায়েন থাকা সিআরপিএফ পোস্টের তরফে ক্লিয়ারেন্স আসার পরই বেলা ১১.৩০ মিনিট নাগাদ বাড়িতে প্রবেশ করেন রাহুল গান্ধী। হাথরসের প্রাক্তন কংগ্রেস প্রধান চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্য বলেছেন, নির্যাতিতার পরিবারের সঙ্গে রাহুল গান্ধীর ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। তিনি সব সময় তাদের পাশে ছিলেন এবং থাকবেন। তিনি তাদের সমস্যা শুনতে এসেছিলেন।
অন্যদিকে রাহুল গান্ধীর এই সফরকে কটাক্ষ করে উত্তরপ্রদেশের উপ-মুখ্যমন্ত্রী ব্রজেশ পাঠক বলেছেন, কংগ্রেস নেতা মামলার অবস্থান সম্পর্কে অবগত নন।সিবিআই ইতিমধ্যেই এই মামলার তদন্ত করেছে। বিজেপি শাসনের অধীনে কোনও অপরাধীকে পার পাবে না।








