
বাংলাদেশ নিজেদের স্বার্থেই সংখ্যালঘুদের সুরক্ষা দেবে। সংসদে দাঁড়িয়ে এমনটাই জানিয়েছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। ইসকনের সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাস ব্রহ্মচারীর গ্রেফতারির পর থেকেই উত্তাল বাংলাদেশ। এই আবহে শুক্রবার লোকসভায় প্রশ্নোত্তর পর্বে উঠে এসেছে বাংলাদেশ ইস্যু।
এদিন সংসদে বাংলাদেশে হিন্দুদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলেন এআইএমআইএম সাংসদ আসাউদ্দিন ওয়াইসি। তার জবাবে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন, ভারত বাংলাদেশের পরিস্থিতির উপরে নজর রাখছে। বাংলাদেশের নতুন সরকারের কাছেও সংখ্যালঘুদের উপরে হামলার বিষয়টি তুলে ধরা হয়েছে। বাংলাদেশে সংখ্যালঘুদের সঙ্গে যে ঘটনা ঘটছে, তা উদ্বেগ তৈরি করেছে। সংখ্যালঘুদের উপরে একাধিক হামলার ঘটনা সামনে এসেছে। ভারত এই বিষয়টি নিয়ে উদ্বেগের কথা জানিয়েছে। তিনি আশাবাদী , বাংলাদেশ নিজের স্বার্থেই সংখ্যালঘুদের উপরে হওয়া অত্যাচার আটকাবে। অন্যান্য প্রতিবেশীর মতো বাংলাদেশেও একাধিক উন্নয়নমূলক কাজে যুক্ত ভারত। পরিবর্তিত পরিস্থিতিতে দু’দেশের সম্পর্ক অটুট থাকবে বলেই আশা প্রকাশ করেছেন বিদেশমন্ত্রী। বাংলাদেশের পাশাপাশি পাকিস্তান ও চিন প্রসঙ্গেও বক্তব্য রেখেছেন বিদেশমন্ত্রী।
পাকিস্তান প্রসঙ্গে এস জয়শঙ্কর বলেছেন, পাকিস্তানের সঙ্গে ভারতের সুসম্পর্কের জন্য প্রতিবেশী দেশকে দেখাতে হবে যে তারা সন্ত্রাসবাদমুক্ত। প্রসঙ্গত, সম্প্রতিই ঢাকায় গিয়েছিলেন বিদেশ সচিব বিক্রম মিশ্রি। অন্তর্বর্তী সরকারের প্রধান মহম্মদ ইউনূসের কাছে তিনি সংখ্যালঘুদের উপরে অত্যাচার নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।







