
ভূপতিনগর বিস্ফোরণে কাঁথির তৃণমূল নেতা মানব পড়ুয়ার বাড়িতে হানা দিয়েছে এনআইএ। সাত-আটজন এনআইএ তদন্তকারী এদিন কাকভোরে তাঁর কাঁথির বাড়িতে হানা দেন।
সেই সময় তৃণমূল নেতা বাড়িতেই ছিলেন। একাধিক জিনিস, নথি খতিয়ে দেখেন তদন্তকারীরা। পাশাপাশি তৃণমূল, নেতাকে জিজ্ঞাসাবাদও করা হয়। বেশ কয়েক ঘণ্টা ওই বাড়িতে ছিলেন এনআইএ আধিকারিকরা। বেরনোর সময় তাঁদের হাতে বেশ কয়েকটা ডায়েরি এবং একটি ল্যাপটপ ব্যাগ দেখতে পাওয়া যায়।একাধিক নথিপত্র উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে সেই কথা জানা গিয়েছে। ২০২২ সালের ডিসেম্বর মাসের শুরুতে ভূপতিনগর থানা এলাকায় নাড়ুয়াবিলা গ্রামে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছিল। সেই ঘটনার তদন্ত চালাচ্ছে এনআইএ। মানব পড়ুয়া বলেছেন, নাড়ুয়াবিলা গ্রামে বোমা বিস্ফোরণের ঘটনার তদন্তের স্বার্থে তাঁর বাড়িতে এসেছিলেন এনআইএ প্রতিনিধি দল। তাঁর পক্ষ থেকে যতটা সম্ভব সহযোগিতা করার, তা করা হয়েছে।
ভূপতিনগর বোমা বিস্ফোরণ কাণ্ডে একাধিক জায়গায় এর আগে তদন্তের জন্য হানা দিয়েছেন তদন্তকারীরা।









