
এক সপ্তাহে তিনবার দিল্লির স্কুলে বোমাতঙ্ক ছড়ানোর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। সপ্তাহের শুরুতে রাজধানীর ৪০টি স্কুলে বোমাতঙ্কের ইমেল এসেছিল।
ফের শুক্রবার ও শনিবার পর পর দুদিন বোমাতঙ্ক ছড়িয়েছে দিল্লির স্কুলে। শনিবার সকালেও একাধিক বিদ্যালয় চত্বরে বোমা রয়েছে বলে হুমকি দেওয়া হয়েছে । খবর পেয়ে স্কুলগুলিতে তল্লাশি শুরু করেছে পুলিশ।এক সপ্তাহে ৩বার দিল্লির স্কুলে বোমাতঙ্ক ছড়ানোর ঘটনায় চিন্তিত প্রশাসন। দিল্লি দমকল বিভাগ সূত্রে খবর, কে পুরম এলাকার দিল্লি পাবলিক স্কুলে বোমা রাখা আছে বলে ইমেল এসেছে। পাশাপাশি রায়ান ইন্টারন্যাশনাল স্কুলেও বোমা রয়েছে বলে খবর ছড়িয়েছে। পুলিশ দমকলের পাশাপাশি রয়েছে ডগ স্কোয়াডও। পুলিশ সূত্রে খবর, ব্যারি আল্লা নামে এক ব্যক্তির মেল আইডি থেকে বোমাতঙ্ক ছড়ানো হয়েছে। পূর্ব কৈলাশের দিল্লি পাবলিক স্কুল, সালওযান স্কুল, মডার্ন স্কুল, কেম্ব্রিজ স্কুল-সহ ছটি স্কুলে বোমাতঙ্ক ছড়িয়েছে। অধিকাংশ ক্ষেত্রেই পড়ুয়াদের বাড়ি ফেরত পাঠিয়ে দিয়েছে স্কুল কর্তৃপক্ষ।
পাশাপাশি অভিভাবকদের মেসেজ করা হয়েছে পড়ুয়াদের স্কুলে না পাঠান।





