
অসমে দুর্গামন্দিরের ভিতরে কিশোরীকে গণধর্ষণের অভিযোগের ঘটনায় আট জনকে গ্রেফতার করা হয়েছে। আরও এক অভিযুক্তকে খুঁজছে পুলিশ। যদিও এখনও পর্যন্ত কিশোরীর খোঁজ পাওয়া যায়নি বলে খবর।
নভেম্বরে রাস মহোৎসব চলাকালীন অসমের গুয়াহাটির বোরাগাওঁ এলাকার দুর্গামন্দিরের ভিতরে এক কিশোরীকে গণধর্ষণ করা হয়। মোট ন’জন এই কাজের সঙ্গে জড়িত ছিলেন। মূল ঘটনার প্রায় তিন সপ্তাহ পরে তার ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। তার ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ। ভাইরাল ভিডিয়োর সত্যতা যাচাই করেনি এস নিউজ। প্রাথমিক তদন্তের পর তিন জনকে গ্রেফতারও করা হয়। তাঁদের কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী বাকিদের চিহ্নিত করেন তদন্তকারীরা।
গুয়াহাটি পশ্চিমের ডিসিপি পদ্মনাভ বড়ুয়া জানান, ধর্ষিতা কিশোরীর খোঁজ এখনও পাওয়া যায়নি। তবে তাঁকে সপ্তাহখানেক আগে প্রকাশ্যে দেখা গিয়েছে বলে পুলিশ জানতে পেরেছে। এই ঘটনা প্রকাশ্যে আসার পর অসমে বিজেপি সরকারের বিরুদ্ধে সরব হয়েছে বিরোধীরা।








