ঠাণ্ডায় বাড়ির বয়স্কদের যত্ন

0
136
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

কয়েকদিন ধরে জাঁকিয়ে ঠাণ্ডা পড়ছে।এ সময়ে সবচেয়ে বেশি সমস্যায় পড়েন বয়স্করা। তাদের বিভিন্ন শারীরিক সমস্যা দেখা দেয়। বাতের ব্যথা বাড়ে।যাদের হাঁপানি বা সিওপিডি-র সমস্যা আছে তারা এ সময়টাতে খুব কষ্ট পান।ঠাণ্ডায় রক্তচাপেরও হেরফের হয়।

হার্টের রোগ থাকলে তাই খুব সাবধানে থাকতে হয়। শীতকালে বয়স্কদের সুস্থ থাকা খুব জরুরি।সে জন্য খুব সকালে হাঁটতে না বের হওয়াই ভালো।এ সময়ে হুট করে ঠাণ্ডা লেগে যাওয়ার ভয় থাকবে।তবে ঠাণ্ডায় কুয়াশা একটু নেমে এলেই হাঁটতে গেলে ভালো হয়। আবার বিকেল ৩টার পরে হাঁটতে পারেন বয়স্করা। সন্ধ্যার সময়ে আবার বাইরে বেশি না থাকাই ভালো। যখনই বাইরে বের হবেন বয়স্করা মাস্ক যেন সবসময়ে সঙ্গে থাকে। শীতের সময়ে দূষণের মাত্রা বাড়ে।তাই মাস্ক পরে থাকা খুব জরুরি।এই সময়,সকালে বা বিকেলে যখনই বয়স্করা বাইরে বের হবেন খেয়াল রাখবেন গায়ে যেন গরম জামাকাপড় থাকে।বিশেষ করে টুপি ও মাফলার খুবই জরুরি।পায়ে মোজা থাকলে ভালো হয়।শীতের মিঠে রোদ গায়ে লাগানো খুবই ভাল।এতে ভিটামিন ডি পাওয়া যাবে।শীতের দুপুরে রোদে বেশ কিছুক্ষণ থাকতে পারলে গায়ে হাত-পায়ের ব্যথাবেদনাও অনেক কমবে।পাশাপাশি শীতে একবারে বেশি ভারী খাবার না খেয়ে,বারে বারে অল্প অল্প করে খেতে হবে। শীতে নানা রকম সবজি পাওয়া যায় বাজারে।এই সময়টাতে সবুজ শাকসবজি বেশি করে খেতে হবে। শরীর বুঝে এক থেকে দুই কাপ ভাত, এক বাটি ডাল, অল্প তেলে রান্না করা এক বাটি সবজি, মাছ, মাংস অথবা ডিম রোজের ডায়েটে রাখলে ভালো হয়। মাংস খেলে সবজি দিয়ে স্ট্যু বানিয়ে খাওয়াই ভালো। সেইসঙ্গে তেল যতটা সম্ভব কম খাওয়া যায়, ততই ভালো। খাবার পাতে কাঁচা লবণ দূরে রাখতে হবে। রান্নায় চিনির মাত্রাও কমাতে হবে। খাওয়ার পরে টক দই খেতে পারেন। দুপুরের খাবারের এক ঘণ্টা পরে মুসাম্বি বা লেবু জাতীয় ফল খেলে ভালো হয়। প্রতিদিনের খাদ্যতালিকায় ড্রাই ফ্রুটস রাখা যেতে পারে, একটা খেজুর, দুটো করে আখরোট, কাঠবাদাম, চিনাবাদাম, কিশমিশ খাওয়া যেতে পারে। অন্যদিকে এ সময়ে রক্তচাপের মাত্রাও পরিবর্তিত হয়। গ্রীষ্মে যেমন রক্তচাপের মাত্রা ওপরের দিকে থাকে, শীতে আবার তা কম থাকে। শীতকালে যেহেতু তাপমাত্রা স্বাভাবিক ভাবেই কম থাকে তাই রক্তনালি সংকুচিত হয়ে পড়ে। তাই সারা বছর তো বটেই, বিশেষ করে শীতকালে বয়স্কদের রক্তচাপ নিয়মিত মাপা উচিত। আর নিয়মিত ব্যায়াম বয়স্ক মানুষদের শক্তিশালী ও স্থিতিশীল থাকতে সাহায্য করে। কার জন্য কোন ব্যায়াম উপযুক্ত জেনে নিন।

বয়স্কদের যদি একাধিক ওষুধ খেতে হয়, তবে তাদের ওষুধ সম্পর্কে সচেতন থাকা এবং সেগুলো সঠিকভাবে খাওয়া গুরুত্বপূর্ণ। শ্বাসের সমস্যা থাকলে, শীতে তা বাড়তে পারে। তাই হাতের কাছে ইনহেলার অবশ্যই রাখবেন।